বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান সনি প্রথমবারের মতো বাংলাদেশে তাদের অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে। একই সাথে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে বাংলাদেশের পেশাদার ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার এবং সাধারণ ব্যবহারকারীরা এখন আর ক্যামেরা মেরামতের জন্য দীর্ঘ অপেক্ষা বা বিকল্প উপায়ের ওপর নির্ভর করবেন না, বরং স্থানীয় বাজারেই সরাসরি সনির অফিশিয়াল সার্ভিস সুবিধা উপভোগ করতে পারবেন।
সেন্টারটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি এবং বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং এবং এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং উপস্থিত ছিলেন।
সনি কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দেশের ক্রমবর্ধমান পেশাদার ক্যামেরা ব্যবহারকারীদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানের লক্ষ্যেই এই সার্ভিস সেন্টারটি গড়ে তোলা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে যখন কাজের চাপ থাকে, তখন ডিভাইসের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যাতে পেশাদারদের শিডিউলে কোনো ব্যাঘাত না ঘটে কিংবা আর্থিক লোকসান না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সনি মনে করে, স্থানীয় পর্যায়ে গিয়ার মেরামতের দীর্ঘদিনের এই সমস্যা দূর হলে দেশের সামগ্রিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পের আরও উন্নতি হবে।
গ্রাহকদের সুবিধার্থে নতুন এই শোরুম এবং অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টারটি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত বাকি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।




