বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে পোস্ট অফিস বাজার এলাকার একটি দোকানের পাশে ককটেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুলাল মোল্লা নামে এক ব্যক্তির দোকানের পাশে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটি একটি ককটেল বলে মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই বিমানবন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ওই স্থানে পৌঁছায় এবং পরিত্যক্ত অবস্থায় থাকা অবিস্ফোরিত ককটেলটি নিরাপদভাবে উদ্ধার করে।