নেটওয়ার্কিং খাতের পরিচিত প্রতিষ্ঠান টিপি-লিংক বাংলাদেশে তাদের অত্যাধুনিক 'ওয়াই-ফাই ৮' রাউটার উন্মোচন করেছে। মালয়েশিয়া এবং হংকংয়ের পর এবার বাংলাদেশে এই প্রযুক্তিটি আনা হলো। মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে 'টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬' নামক এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন প্রযুক্তিটি সবার সামনে আনা হয়। এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল টিপি-লিংকের স্থানীয় পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকরপোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।
অনুষ্ঠানে ব্রায়ান ডং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ইতিবাচক কথা বলেন। তিনি জানান, স্থানীয় জনবল দক্ষ ও পরিশ্রমী এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যথেষ্ট বেশি। এছাড়া উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায়, ভবিষ্যতে প্রয়োজনীয় সুযোগ ও জনবল পাওয়া গেলে বাংলাদেশে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে টিপি-লিংক। তার মতে, উৎপাদন কারখানার জন্য বাংলাদেশ একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য।
নতুন এই প্রযুক্তির সক্ষমতা বর্ণনা করে লিন ওয়াং জানান, ওয়াই-ফাই ৮ আগের সংস্করণ ওয়াই-ফাই ৭-এর তুলনায় ৪০ থেকে ৬০ শতাংশ বেশি উন্নত সেবা প্রদান করবে। এটি নেটওয়ার্কের পরিস্থিতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংযোগ সমন্বয় করতে সক্ষম এবং একসাথে অনেকগুলো ডিভাইস ব্যবহার করলেও সংযোগের স্থিতিশীলতা বজায় রাখবে। মূলত আলট্রা-হাই রিলায়েবিলিটি নীতির ওপর ভিত্তি করে তৈরি এই প্রযুক্তিটি ডিজিটাল যুগের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে নেটওয়ার্কের স্থিতিশীলতা, নিরবচ্ছিন্ন সংযোগ এবং বিস্তৃত কভারেজ নিশ্চিত করবে।
প্রযুক্তির পাশাপাশি মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি 'ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম' চালুর ঘোষণা দিয়েছে। এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা জানান, ২০২৪ সাল থেকে তারা ওমাডার সাথে কাজ করছেন এবং এরই মধ্যে এক হাজারের বেশি সার্টিফাইড এক্সপার্ট তৈরি করা সম্ভব হয়েছে। এই নতুন প্রোগ্রামের আওতায় 'ওমাডা এক্সপার্ট একাডেমি'র মাধ্যমে সিস্টেম ইন্টিগ্রেটর, নেটওয়ার্ক প্রকৌশলী এবং প্রযুক্তি অংশীদারদের কারিগরি শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে এবং আধুনিক নেটওয়ার্কিং সেবা পৌঁছে দিতে টিপি-লিংকের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করে।




