দেশের প্রযুক্তি বাজারে লেনোভোর নতুন মডেলের আইডিয়াপ্যাড ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে প্রতিষ্ঠানটি 'লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২–ইন–১ ১৪আইপিএইচ১১' মডেলের এই ল্যাপটপটির কথা জানিয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এতে যুক্ত করা হয়েছে কোপাইলট চ্যাটবট, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে তুলবে। ল্যাপটপটি পরিচালিত হচ্ছে ইন্টেলের প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ ৩ প্রসেসরের মাধ্যমে।

এই মডেলটির অন্যতম আকর্ষণ হলো এর ৩৬০ ডিগ্রি কনভার্টেবল ২–ইন–১ সুবিধা এবং স্পর্শনির্ভর পর্দা। হার্ডওয়্যারের দিকে তাকালে দেখা যায়, এতে রয়েছে ১৬ গিগাবাইটের ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইটের পিসিআই–ই জেন৪ এনভিএমই এসএসডি। এই শক্তিশালী কনফিগারেশনের ফলে বড় ফাইল আদান-প্রদান এবং বিভিন্ন ভারী সফটওয়্যার দ্রুত ও স্বচ্ছন্দে চালানো সম্ভব হবে। এছাড়া এতে থাকা ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স কার্ড উচ্চ রেজোল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি উন্নত মানের ভিডিও গেম খেলার অভিজ্ঞতা প্রদান করবে।

ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ডব্লিউইউএক্সজিএ আইপিএস মাল্টি-টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা লেনোভো পেন জেন ২ এর মাধ্যমে স্ক্রিনে সরাসরি স্কেচ তৈরি বা নোট নেওয়ার কাজগুলো করতে পারবেন। অডিওর জন্য এতে ডলবি অডিও স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। সংযোগের সুবিধার জন্য ল্যাপটপটিতে রয়েছে ওয়াই–ফাই ৭, ব্লুটুথ ৫.৪, ইউএসবি এ ও সি পোর্ট এবং এসডি কার্ড রিডার। পাশাপাশি নিরাপত্তার জন্য যুক্ত করা হয়েছে শাটারযুক্ত এইচডি ওয়েবক্যাম।

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৬০ ওয়াট/আওয়ার ব্যাটারি এবং ৬৫ ওয়াটের ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার প্রদান করা হয়েছে। ল্যাপটপটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার টাকা। ক্রেতাদের জন্য এতে দেওয়া হয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা, আর সঙ্গে থাকা অ্যাডাপ্টারের ক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে।