বাংলাদেশ বিমানবাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের (পিএসিএএফ) মধ্যে আয়োজিত যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে এই পাঁচ দিনব্যাপী সামরিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

মহড়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। তিনি তার বক্তব্যে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা আদান-প্রদান এবং যৌথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন কার্যক্রমের বিবরণ দিয়ে বক্তব্য প্রদান করেন।

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ মহড়ায় সি-১৩০জে এবং সি-১৩০বি পরিবহন বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ব্যবস্থাপনা এবং বিমান সংক্রান্ত বিশেষ চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। পাশাপাশি আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান দুর্ঘটনার পর দ্রুত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের কৌশল নিয়ে দুই দেশের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

এই যৌথ মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের পক্ষ থেকে ১৮ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।