বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) তাদের প্রতিষ্ঠানের জন্য একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান্ট ম্যানেজার) নিয়োগ করতে যাচ্ছে। এই নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে এবং মাত্র একটি পদের জন্য আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত মাসিক বেতন ৯৭ হাজার ৩৭০ টাকা।

আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। যোগ্যতার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে, শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। যারা গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ, তাদের জন্য ৫-এর স্কেলে ন্যূনতম জিপিএ-৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ-২.৫ থাকা বাধ্যতামূলক।

পেশাগত অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীকে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে অন্তত ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বড় কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী অথবা তার অধিকতর পদে ন্যূনতম ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমার কথা উল্লেখ করে জানানো হয়েছে যে, ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে কভার লেটার, বিস্তারিত জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট এবং অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদ এবং গত ছয় মাসের মধ্যে তোলা তিনটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে। আবেদনপত্রটি ঢাকা-১২১৫, কারওয়ান বাজার, ৮ পান্থপথের ইউনিক ট্রেড সেন্টারের ১৩ নম্বর লেভেলে অবস্থিত বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ সময়সীমা ১ অক্টোবর ২০২৬।