আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন এই দলে অভিজ্ঞ পেসার জফ্রা আর্চারের প্রত্যাবর্তন ঘটেছে, যিনি পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে ছিলেন। পাশাপাশি, গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের সময় চোট পাওয়া জ্যাকব বেথেল সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় দলে ফিরেছেন। তবে দলের নিয়মিত অধিনায়ক জস বাটলার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এবং সাকিব মাহমুদ হাঁটুর চোটের কারণে এই সফরের ওয়ানডে দলে স্থান পাননি।
নির্বাচক মার্কাস নর্থ আর্চার ও বেথেলের ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, আগামী এক বছরের মধ্যে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই এই মুহূর্তে পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুতি শুরু করা অত্যন্ত জরুরি। তবে ওয়ানডে সিরিজের পর গাস আটকিনসন, সনি বেকার এবং জশ টাংয়ের মতো পেসারদের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের কথা মাথায় রেখে তাদের শরীরিক চাপ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য ইংল্যান্ড দল বেশ কিছু পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেসারদের বিশ্রামে রাখায় চারজন নতুন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন ১৮ বছর বয়সী টমাস রু এবং এডি জ্যাক, যারা প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন। উল্লেখ্য, টমাস রু এর আগে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন এবং সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া ঊরুর চোট কাটিয়ে দলে ফিরেছেন ফিল সল্ট, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি লুক উড পুনরায় দলে ফিরেছেন এবং অভিষেক হওয়া আনাইরিন ডোনাল্ডের জায়গা বহাল রাখা হয়েছে।
নির্বাচক প্যানেলের আশা, হ্যারি ব্রুকের নেতৃত্বে বর্তমান টি-টোয়েন্টি দল ভালো ফর্মে রয়েছে এবং অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে নিজেদের সক্ষমতা যাচাই করার জন্য তারা প্রস্তুত। ইংল্যান্ডের এই সফর শুরু হবে আগামী ৭ নভেম্বর পার্থে একটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমে। এরপর ১২ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে, যার ম্যাচগুলো পার্থ, অ্যাডিলেইড এবং হোবার্টে অনুষ্ঠিত হবে। সবশেষে ২১ নভেম্বর মেলবোর্ন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে দলে রয়েছেন: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস আটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট ও জশ টাং।
টি-টোয়েন্টি দলে রয়েছেন: হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, টমার রু, ফিল সল্ট ও লুক উড।




