ভ্রমণকালে হোটেলের ওয়াই-ফাই ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের বরাত দিয়ে জানানো হয়েছে, হ্যাকাররা হোটেলসহ বিভিন্ন হসপিটালিটি প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য নতুন কৌশল অবলম্বন করছে। এই সাইবার হামলার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপটিভক্রাঞ্চ’।
মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে বিশ্বজুড়ে হোটেল ও অন্যান্য আতিথেয়তা প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে ব্যাপক অনুপ্রবেশের ঘটনা লক্ষ্য করা গেছে। হ্যাকাররা ভুয়া পপ-আপ বার্তা ব্যবহার করে ব্যবহারকারীদের স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করাচ্ছে। এই সফটওয়্যার একবার ডিভাইসে ইনস্টল হয়ে গেলে হ্যাকাররা দূর থেকেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তারা পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি এবং অন্যান্য গোপনীয় ডেটা চুরি করতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, এই হ্যাকিং অভিযানের পিছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট। হোটেলের ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার পর অনেক ব্যবহারকারীর সামনে ভুয়া পপ-আপ বার্তা দেখা যাচ্ছে, যা দেখতে অনেক সময় উইন্ডোজ বা অন্য কোনো সফটওয়্যারের হালনাগাদ বার্তার মতো। হঠাৎ করে ওয়াই-ফাই সংযোগ দেওয়ার পরপরই এই ধরনের বার্তা দেখা গেলে সেটিতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। কারণ এগুলো হ্যাকারদের তথ্য চুরির ফাঁদ হতে পারে।
এই হামলা থেকে নিরাপদ থাকার জন্য ভ্রমণের সময় সম্ভব হলে মোবাইল হটস্পট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি বলে উল্লেখ করেছে মাইক্রোসফট। সূত্র: ম্যাশেবল।




