বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। তবে এটাই তাদের প্রথম সাক্ষাৎ নয়। বরং প্রায় দুই দশক আগে এক অদ্ভুত মুহূর্তে তাদের দেখা হয়েছিল। ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডার তৈরির সময় পাঁচ মাস বয়সী ইয়ামালের সঙ্গে ছবি তোলেন তৎকালীন বার্সা তারকা মেসি। একটি প্লাস্টিকের বাথটাবে বসা শিশু ইয়ামালকে গোসল করিয়ে দেওয়ার সেই ছবি ঘুরেফিরে অনেকবার আলোচনায় এসেছে। এবার ফাইনালের আগে সেই প্রসঙ্গে মুখ খুললেন মেসি।

নিউইয়র্কে এক ফ্যান ইভেন্টে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও মেসি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে এবার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার কোনো ম্যাচের আগে কথা বলেন মেসি। তিনি ইয়ামালের প্রসঙ্গে বলেন, 'সে যখন ছোট শিশু, তখন আমি তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়া সত্যিই অবিশ্বাস্য। সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া।' ফ্যান ইভেন্টের সঞ্চালক ছিলেন আমেরিকান ফুটবল কিংবদন্তি টম ব্রাডি ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।

ইয়ামালের আরও প্রশংসা করে মেসি বলেন, 'লামিনে অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি, কারণ ও এমন একটি ক্লাবে খেলে যাকে আমি ভালোবাসি এবং যার মঙ্গল সব সময় কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম তারকা, পুরো ক্যারিয়ার তো সামনে। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত ও সেটা করতে না পারে। আমি ওর সাফল্য কামনা করি। আর সত্যি বলতে, ওই ছবিটা আসলেই অবিশ্বাস্য—জীবন কত অদ্ভুত!'

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে পা রাখবে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই তাদের ওপর প্রত্যাশার চাপ বেশি। মেসি এই প্রসঙ্গে বলেন, 'আমরা ছোট থেকে অনেক আবেগ নিয়ে ফুটবল খেলতে শিখেছি। খেলাটা উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য। চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। আমরা একটি প্রতিযোগিতামূলক দল, জিততে ভালোবাসি। কিন্তু মনে রাখতে হবে, খেলাটা দলীয় এবং প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে। সব সময় জেতা যায় না। ছোটবেলায় আমি শিখেছি, জয়ের চেয়ে হারতেই হয় বেশি; আর এই শিক্ষাই আমাকে মানুষ ও খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে।' ফ্যান ইভেন্টে ফুরফুরে মেজাজে দেখা যায় মেসিকে।