আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি ও বিচারকেরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাব-১–এর বন্দিশালা 'আয়নাঘর' পরিদর্শনে যাচ্ছেন। মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে আদেশ জারি করে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালটির অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) এবং র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলের বন্দিশালা পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকেরা।
পরিদর্শনকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) ও ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিরাও সেখানে থাকতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ জেআইসি ও টিএফআই সেলে সংঘটিত গুমের ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারকাজ চলমান রয়েছে।




