মার্কিন যুক্তরাষ্ট্রে তিন মাস ধরে চলা পাওয়ারবল জ্যাকপটের খরা কাটল। পশ্চিম ইলিনয়ের একটি গ্যাস স্টেশন থেকে কেনা একটি টিকিটই ১ বিলিয়ন ডলারের বিশাল পুরস্কার জিতেছে। বুধবার রাতে অনুষ্ঠিত ড্রতে বিজয়ী এই টিকিটটি মিসৌরি সীমান্তের কাছে অবস্থিত স্প্রিংফিল্ড থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে কুইন্সি শহরের হাই-ভি স্টেশন থেকে কেনা হয়েছিল বলে জানিয়েছে ইলিনয় লটারি কর্তৃপক্ষ।
ড্রতে বিজয়ী সংখ্যাগুলো ছিল ৪-২৬-৬৬-৬৭-৬৯ এবং পাওয়ারবল সংখ্যা ৯। বিজয়ী এখনো পরিচয় প্রকাশ করেননি। এই পুরস্কারের অর্থ দুইভাবে নেওয়া যাবে — ২৯ বছর ধরে বার্ষিক কিস্তিতে ১ বিলিয়ন ডলার অথবা এককালীন ৪৫০.৫ মিলিয়ন ডলার নগদ। সাধারণত বিজয়ীরা এককালীন নগদ অর্থ গ্রহণকেই পছন্দ করেন।
এর আগে ২ মে সর্বশেষ পাওয়ারবল জ্যাকপট জিতেছিল, তখন পুরস্কারের পরিমাণ ছিল ২০ মিলিয়ন ডলার। চলতি মাসে যুক্তরাজ্যে টিকিট বিক্রি শুরুর পর এটি ছিল প্রথম জ্যাকপট বিজয়। প্রতিটি প্লে করতে ২ ডলার খরচ হয় এবং জ্যাকপট জেতার সম্ভাবনা ২৯ কোটি ২০ লক্ষের মধ্যে মাত্র ১।
গেম আয়োজকরা জানিয়েছেন, ১.০৪ বিলিয়ন ডলারের এই গ্র্যান্ড প্রাইজটি পাওয়ারবলের ইতিহাসে অষ্টম বৃহত্তম। অপর একটি লটারি গেম মেগা মিলিয়নসেও সম্প্রতি ১ বিলিয়ন ডলারের জ্যাকপট বিজয়ী হয়েছে।
পাওয়ারবল প্রোডাক্ট গ্রুপের চেয়ারম্যান ও কানসাস লটারির নির্বাহী পরিচালক স্টিফেন ডুরেল এক বিবৃতিতে বলেন, “ইলিনয়ের নতুন পাওয়ারবল জ্যাকপট বিজয়ীকে অভিনন্দন। তিন দশকেরও বেশি সময় ধরে পাওয়ারবল প্রমাণ করেছে যে, গেমটি যেখানেই খেলা হয় সেখানেই বিজয়ী টিকিট বিক্রি হতে পারে। ২ ডলারের প্রতিটি টিকিটেরই সুযোগ রয়েছে শুধু বিজয়ীর জীবনই নয়, ভবিষ্যত প্রজন্মের জীবনও বদলে দেওয়ার।”
বুধবারের ড্রতে আরও চারটি টিকিট — অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং নর্থ ক্যারোলিনায় বিক্রি হয়েছে — যেগুলো পাঁচটি সংখ্যা মিলিয়ে দিলেও পাওয়ারবল সংখ্যার সাথে মেলেনি। প্রতিটি টিকিট ১ মিলিয়ন ডলার করে পেয়েছে। ম্যাসাচুসেটসে বিক্রি হওয়া একটি টিকিটও পাওয়ারবল সংখ্যা ছাড়া বাকি সব মিলিয়েছিল, তবে ‘পাওয়ার প্লে’ গুণক অপশনের কারণে এটি ২ মিলিয়ন ডলার জিতেছে। এই অপশনটি প্রতি প্লেতে অতিরিক্ত ১ ডলার খরচ করে নেওয়া যায়।
এছাড়া ৩০ লাখেরও বেশি টিকিট ছোট পুরস্কার জিতেছে। শনিবারের পরবর্তী ড্রয়ের জন্য পাওয়ারবল জ্যাকপট আবার ২০ মিলিয়ন ডলারে রিসেট হয়েছে। লটারির ইতিহাসে সর্বোচ্চ জ্যাকপটের রেকর্ডটি এখনো ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় কেনা একটি টিকিটের দখলে, যা ছিল ২ বিলিয়ন ডলারের সামান্য বেশি।




