রাজধানী ঢাকাকে ঘিরে থাকা নৌপথগুলোর পুনরুজ্জীবনে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ঢাকার পার্শ্ববর্তী নৌপথ সচল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি, আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব পর্যালোচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী সভায় নদী দূষণ রোধ, নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দিয়েছেন। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নদীতীরের সৌন্দর্য বাড়ানোর জন্য ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশও দেন তিনি। উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন আরও জানান, নদীগুলোর সংরক্ষণ এবং নৌপথের কার্যকারিতা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।