ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন চায়ের দোকানের মালিকসহ দুজন। রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন কুশারীগাঁও গ্রামের শান্তি রানী (৪৫) এবং রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুহি রাম রায় (৫০)। শান্তি রানীই ছিলেন ওই চায়ের দোকানের মালিক। বজ্রপাতে আহত হয়েছেন আরও দুজন—কুশারীগাঁও গ্রামের সালন রায় (৪৫) ও রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের টেপরা রায় (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শান্তি রানীর দোকানে চারজন বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই বজ্রপাত হয়। এতে শান্তি রানীসহ চারজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শান্তি ও সুহিকে মৃত ঘোষণা করেন। আহত সালন ও টেপরাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে চায়ের দোকানিসহ দুই নিহত, আহত ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে এক নারী দোকানিসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। দুপুরের দিকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।




