সিলেটে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। নগরের শাহজালাল উপশহর এলাকায় কমিশনারের কার্যালয়ের সড়কে বসে অবস্থান নেন তারা। বেলা ২টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ‘ধর, ধর লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাস লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট-বোমা’—এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বেলা সোয়া একটার দিকে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের কয়েকজন নেতাকে দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য পুলিশ কমিশনার কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। জেলা ও মহানগর ছাত্রদলের একটি প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হকের সঙ্গে বৈঠক করে। বৈঠকে ছাত্রদলের প্রতিনিধিরা নিজেদের দাবিগুলো তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ কমিশনার বিষয়গুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতামূলক কর্মকাণ্ড ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ কারণেই তাদের আইনের আওতায় আনার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছেন। কর্মসূচি স্থগিতের বিষয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে তারা আবারও আন্দোলনে ফিরবেন।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মহানগর সভাপতি সুদীপ জ্যোতি, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


