বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-র বিশ্ব প্রিমিয়ার হয়ে গেল লন্ডনে। অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের নির্দেশনায় নির্মিত এই ছবির প্রিমিয়ার উপলক্ষে সোমবার লেস্টার স্কোয়ারে জমকালো আয়োজন করা হয়। প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের রচিত ক্লাসিক মহাকাব্য অবলম্বনে তৈরি এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওস। ২৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্প নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

লালগালিচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ম্যাট ডেমন। ট্রোজান যুদ্ধের বীর ওডিসিউস চরিত্রে তাকে দেখা যাবে। এছাড়া অ্যান হ্যাথওয়ে, টম হল্যান্ড, জেনডায়া, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারাও লালগালিচায় হাজির ছিলেন। প্রিমিয়ার স্থানটি সাজানো হয়েছিল বিশাল কাঠের ট্রোজান ঘোড়া দিয়ে, যা প্রচণ্ড গরমের মধ্যেও দর্শকদের নজর কেড়েছে।

উল্লেখ্য, অ্যান হ্যাথওয়ে সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং প্রিমিয়ারেও তিনি বেবি বাম্প নিয়ে আসেন। অন্যদিকে টম হল্যান্ড ও জেনডায়া জুটি এদিন বিশেষ আলোচনায় ছিলেন। টম হল্যান্ড ছবিতে ওডিসিউসের ছেলে টেলেমাকাস চরিত্রে অভিনয় করেছেন, আর জেনডায়াকে দেখা যাবে দেবী অ্যাথেনার ভূমিকায়। প্রিমিয়ারে টম হল্যান্ড বলেন, এই মুহূর্তে তিনি কী অনুভব করছেন তা ভাষায় প্রকাশ করা তার পক্ষে অত্যন্ত কঠিন। জেনডায়া জানান, শুটিংয়ে টমের অভিনয় দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। দর্শকরা এক মাসের ব্যবধানে টমের একেবারে ভিন্ন দুটি রূপ দেখতে পাবেন—এটাই সবচেয়ে রোমাঞ্চকর বলে মন্তব্য করেন তিনি।

‘টেনেট’-এর পর দ্বিতীয়বার নোলানের সঙ্গে কাজ করা রবার্ট প্যাটিনসন জানান, এত বিশাল আয়োজনের মধ্যেও পরিচালককে কখনোই বিচলিত মনে হয়নি। ম্যাট ডেমন শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, পুরো সময়টায় মনে হয়েছে যেন একসঙ্গে ছয় কিংবা সাতটি ভিন্ন সিনেমায় কাজ করছেন। প্রতিটি লোকেশনই ছিল অত্যন্ত কঠিন, কিন্তু চ্যালেঞ্জ ছিল আলাদা। এক মাস কাজ শেষে তিনি প্রযোজক এমা থমাসকে বলেছিলেন, ভাগ্যিস তিনি প্রযোজক নন।

শার্লিজ থেরন ছবিতে ক্যালিপসো চরিত্রে অভিনয় করেছেন। তাঁর মতে, এত বড় একটি গল্প নিয়ে কাজ করার সাহস খুব কম পরিচালকেরই আছে এবং নোলান তাঁদের একজন। সোমবার লন্ডনের প্রিমিয়ারে নির্মাতা নোলান ও তাঁর স্ত্রী প্রযোজক এমা থমাসও উপস্থিত ছিলেন। ‘দ্য ওডিসি’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৭ জুলাই, যা গ্রীষ্মের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।