কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘বিষঝাড়া ওঝা’ হিসেবে নিজের পরিচয় দেওয়া এক ব্যক্তি সাপ ধরতে গিয়ে নিজেই গোখরা সাপের কামড়ের শিকার হয়েছেন। শুক্রবার রাতে গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৮), যিনি পেশায় একজন সাপুড়ে এবং বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধারের ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, স্থানীয় আমিরুল ইসলামের বাড়িতে একটি সাপ দেখতে পাওয়ার পর আতঙ্কিত পরিবারের সদস্যরা ইমরানকে ডেকে পাঠান। ঘটনার আগের দিন ওই বাড়িতে আমিরুল ইসলামের ছেলে সম্রাট সাপের কামড়েই মারা যান। ইমরান বাড়ির উঠানে খোঁড়াখুঁড়ির পর প্রথমে তিনটি বাচ্চা সাপ বের করেন। এরপর একটি গর্ত থেকে বড় গোখরা সাপ বের করে আনেন। সাপটি ধরার প্রায় দেড় মিনিটের মধ্যেই তা ইমরানের হাঁটুর ওপরে ছোবল মারে। অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে ইমরান নিজেই জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় দুই যুবক তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হাসান জানান, ইমরানকে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়। নিবিড় পর্যবেক্ষণ শেষে দেখা যায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তাঁকে এখন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনার পর ইমরান হোসেনের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই কার্ডে তিনি নিজেকে ‘সাপুড়িয়া’ দাবি করে সাপ ধরা, বিষ ঝাড়া, এমনকি নানাবিধ জটিল ও গোপন রোগের চিকিৎসারও দাবি করেছেন। চিকিৎসক ইকবাল হাসান আরও উল্লেখ করেন যে, বর্তমানে সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এমন পরিস্থিতিতে আক্রান্তদের বিলম্ব না করে দ্রুত সরকারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।




