কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল লার্নিং এখন শিক্ষাব্যবস্থার বাস্তব উপাদান হিসেবে প্রতিষ্ঠিত। এই প্রেক্ষাপটে, ওপেন সোর্স প্রযুক্তির শিক্ষা প্ল্যাটফর্ম মুডলের ব্যবহারকারী, অংশীদার ও বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন ‘মুডলমুট’ আগামী ১১ জুলাই ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশে মুডলের অংশীদার ব্রেইন স্টেশন এই সম্মেলনের আয়োজন করছে, যেখানে অংশগ্রহণের জন্য সরাসরি ও অনলাইন—উভয় ব্যবস্থাই রাখা হয়েছে। বার্সেলোনা, এডিনবরা ও মেক্সিকো সিটির মতো শহরগুলোতে প্রতিবছর এ সম্মেলন হলেও এবারই প্রথম বাংলাদেশ এই বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হচ্ছে।
এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষা ও কর্মক্ষেত্রের শিক্ষণব্যবস্থার বৃহৎ পরিসরের রূপান্তর’। সম্মেলনে এআই-এর সহায়তায় কীভাবে বৃহৎ পরিসরে শিক্ষাদান ও পেশাগত প্রশিক্ষণের অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক এবং টেকসই করে তোলা যায়, তা নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে নিবন্ধিত প্রত্যেক অংশগ্রহণকারী ই-লার্নিং সেবায় ব্যবহারের জন্য ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্রেইন স্টেশন ২৩-এর সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন।
মহাখালীর ব্রেইন স্টেশন কার্যালয়ে ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত এই সম্মেলন চলবে। আগ্রহীদের জন্য নিবন্ধনের ওয়েবসাইটও চালু রয়েছে।




