প্রায় তিন দশক ধরে বিশ্বজুড়ে বিনামূল্যে তথ্য সরবরাহ করে আসা উইকিপিডিয়া এখন তার ইতিহাসের সবচেয়ে জটিল সময় পার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর তথ্য শোষণ, বিভিন্ন সরকারের নজরদারি ও ডানপন্থী গোষ্ঠীর রাজনৈতিক আক্রমণ সংস্থাটিকে পুরোনো কাঠামো ভেঙে নতুন কৌশল গ্রহণে বাধ্য করেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা ও অন্যান্য কোম্পানি তাদের চ্যাটবট যেমন জেমিনি, ক্লড ও চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দিতে উইকিপিডিয়ার বিপুল তথ্যভান্ডার অবাধে ব্যবহার করছে। এতে সাইটটির নিজস্ব ট্রাফিক মারাত্মকভাবে কমে গেছে; গত বছরের শেষের দিকে ইংরেজি সংস্করণে পাঠকসংখ্যা প্রায় ৮ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি ইলন মাস্কের গ্রোকিপিডিয়ার মতো প্রকল্প তথ্য চুরি করে বিকৃত তথ্য পরিবেশন করছে বলে অভিযোগ রয়েছে, যা ইন্টারনেটের তথ্য পরিবেশকে দূষিত করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডানপন্থী গোষ্ঠীগুলি উইকিপিডিয়ার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তীব্র করেছে। শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ‘ওকিপিডিয়া’ বলে উপহাস করে অনুসারীদের উইকিপিডিয়ায় অনুদান বন্ধের আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, ট্রাম্প প্রশাসনের সাবেক এআই প্রধান ডেভিড স্যাক্স ও জনপ্রিয় ধারাভাষ্যকার টাকার কার্লসনও একই সুরে কথা বলেছেন। এমনকি ২০০১ সালে উইকিপিডিয়া প্রতিষ্ঠায় অংশ নেওয়া ল্যারি স্যাঙ্গার পর্যন্ত কঠোর সমালোচনা করেছেন। গত বছর ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা ও পরে রিপাবলিকান নেতৃত্বাধীন সংসদীয় কমিটি উইকিমিডিয়ার করছাড় সুবিধা ও নির্দিষ্ট সম্পাদকের পরিচয় নিয়ে তদন্ত শুরু করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তদন্তের জবাব দিয়েছে এবং কোনো গোপন চক্রের অস্তিত্ব নেই; বরং প্রায় আড়াই লাখ অজ্ঞাত স্বেচ্ছাসেবক প্রতি মিনিটে ৩২৪ বার তথ্য সংশোধন করেন বলে উল্লেখ করেছে। ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম পলিটিফ্যাক্টের প্রতিষ্ঠাতা বিল অ্যাডেয়ার উইকিপিডিয়াকে বিশৃঙ্খল হলেও কার্যকর একটি প্রকৃত গণতন্ত্র হিসেবে বর্ণনা করেছেন।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উইকিমিডিয়া ফাউন্ডেশন তাদের লবিং বাজেট বাড়িয়েছে এবং নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিজ্ঞাপন দিচ্ছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে, যার মাধ্যমে গত বছর এআই খাত থেকে ৮৩ লাখ ডলার আয় হয়েছে। নিজেদের মানবাধিকারবিষয়ক দলের কর্মীসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সাবেক মার্কিন কূটনীতিক বার্নাডেট মিহানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিহান এর আগে চিলিতে মার্কিন রাষ্ট্রদূত, ওবামা ফাউন্ডেশন, স্টেট ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ওয়াল স্ট্রিটে কাজ করেছেন। ইরানের পারমাণবিক আলোচনা ও কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মতো জটিল মিশনে সফল হয়েছেন এই বহুভাষাবিদ নারী।
বর্তমান সংকটকে সরাসরি যুদ্ধ বলতে রাজি নন মিহান। তিনি বলেন, ‘ডিজিটাল জগতের পুরো কাঠামোই যেন উইকিপিডিয়ার ওপর নির্ভরশীল। চরম মেরুকরণের এই সময়ে এটি একটি বিশ্বস্ত উৎস হিসেবে বিবেচিত। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কীভাবে এই প্রকল্পকে বাঁচিয়ে রাখা যায়।’ বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, যারা পক্ষপাত সন্দেহ করেন তারা সরাসরি সম্পাদক হয়ে অংশ নিতে পারেন; উইকিপিডিয়া কোনো সাংস্কৃতিক যুদ্ধ বা রাজনৈতিক বিবাদের অংশ হতে চায় না।
বৈশ্বিক প্রেক্ষাপটে উইকিপিডিয়া বর্তমানে ৩৪৫টি ভাষায় সেবা দিচ্ছে। চীন, মিয়ানমার ও উত্তর কোরিয়ায় এটি সম্পূর্ণ ব্লক; তুরস্কেও প্রায় তিন বছর নিষিদ্ধ ছিল। গত বছর বিভিন্ন সরকারের কাছ থেকে কনটেন্ট পরিবর্তনের জন্য ১১৭টি অনুরোধ এসেছে, যার সিংহভাগ রাশিয়া থেকে। মস্কো উইকিপিডিয়ার বিরুদ্ধে তাদের সামরিক বাহিনীকে কলঙ্কিত করার অভিযোগ এনে জরিমানা দাবি করলেও উইকিমিডিয়া তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ২০২০ সালের পর বিশ্বের বিভিন্ন দেশে কমপক্ষে ১০ জন উইকিপিডিয়া সম্পাদককে তাদের লেখার জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি আরবে মানবাধিকার নিয়ে লেখার দায়ে এক শিশুবিশেষজ্ঞের ১৪ বছরের জেল, অন্যদিকে বেলারুশও কয়েকজন সম্পাদককে পেনাল কলোনিতে পাঠিয়েছে।
তবে এসব প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আশাবাদী। মিহান মনে করেন, উইকিপিডিয়া একটি অনন্য পরীক্ষা যা সমাজকে সংঘাতের বদলে ঐক্যের পথে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক মেরুকরণ যতই বাড়ুক, তথ্যের অমিল থাকাটাই স্বাভাবিক—তবে উইকিপিডিয়া সেই ফারাক ঘোচানোর চেষ্টা চালিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।




