মানুষের আবেগের জটিল জগতে এমন কিছু অনুভূতি রয়েছে যেগুলো প্রকাশের জন্য ভাষায় সঠিক শব্দ খুঁজে পাওয়া প্রায়শই কঠিন হয়ে পড়ে। তবে বিশ্বের বিভিন্ন ভাষায় এমন কিছু বিশেষ শব্দ বিদ্যমান, যেগুলো এই জটিল আবেগগুলোর সুনির্দিষ্ট নাম হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দগুলো জানার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব অনুভূতিগুলোকে আরও ভালোভাবে চিহ্নিত ও বুঝতে পারি।
প্রথমেই আসে 'লিমারেন্স' (Limerence) শব্দটি, যা এক তীব্র মানসিক ও আবেগীয় অবস্থাকে বোঝায়। এ অবস্থায় কোনো ব্যক্তি অন্য একজনকে নিয়ে গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়েন এবং তাঁর কাছ থেকে ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার জন্য প্রবল আকাঙ্ক্ষা অনুভব করেন। সাধারণত প্রেমের প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত এই অনুভূতি স্থায়ী হয়। এটি সাধারণ 'ক্রাশ' বা প্রেমের চেয়ে অনেক বেশি তীব্র এবং কখনো কখনো স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে। মার্কিন মনোবিজ্ঞানী ডরোথি টেনভ ১৯৭৯ সালে প্রকাশিত তাঁর 'লাভ অ্যান্ড লিমারেন্স' বইয়ে প্রথম এই ধারণাটি ব্যাখ্যা করেন।
এরপর রয়েছে 'অ্যাডরোনিটিজ' (Adronities), যা এমন এক গভীর আকাঙ্ক্ষাকে নির্দেশ করে—কাউকে এতটা নিবিড়ভাবে জানতে চাওয়া যে মনে হয় একটি মাত্র জীবন বা একটি সম্পর্ক সেই মানুষটিকে পুরোপুরি চিনতে যথেষ্ট নয়। ধরুন, আপনি কারও সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছেন, তাঁর জীবনের প্রতিটি খুঁটিনাটি জানতে চাইছেন, কিন্তু তবুও মনে হচ্ছে আরও অনেক কিছু বাকি। এটি একটি কাব্যিক ও দার্শনিক শব্দ, যা মূলধারায় পরিচিতি পেয়েছে জন কোয়েনিংয়ের 'দ্য ডিকশনারি অব অবসকিওর সরোজ' প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে মানুষের জটিল আবেগের জন্য নতুন শব্দ তৈরি করা হয়েছে।
'লিবারোসিস' (Liberosis) শব্দটি জীবনকে অতিরিক্ত সিরিয়াস না নিয়ে হালকাভাবে বাঁচার চেষ্টাকে বোঝায়। এটি সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের চাপ থেকে মুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে জীবন উপভোগ করার অনুভূতি। অন্যদিকে, 'দে জা ভু' (Déj vu) একটি ফরাসি শব্দ, যার অর্থ 'ইতিমধ্যেই দেখা'। বর্তমান কোনো পরিস্থিতিতে পড়ার পর হঠাৎ মনে হওয়া যে এই একই ঘটনা আগেও ঠিক একইভাবে ঘটেছিল—এটিই দে জা ভু। মস্তিষ্কের টেম্পোরাল লোব চোখের সামনে দেখা দৃশ্যকে অতীতের কোনো সামান্য মিলের কারণে ভুল করে পুরোনো বলে ধরে নেয়। সাধারণত ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায় এবং অতিরিক্ত ক্লান্তি বা মানসিক চাপের কারণেও এটি ঘটতে পারে।
'হিরাইথ' (Hiraeth) হলো কোনো ব্যক্তি, স্থান, সময় বা অনুভূতির জন্য গভীর নস্টালজিয়া ও আকুলতা, যেখানে হয়তো আর কখনো ফেরা সম্ভব নয় অথবা সেটি বাস্তবেই কখনো ছিল না। এটি অনেকটা পর্তুগিজ শব্দ 'সাউদাদে'র (Saudade) মতো। তবে পার্থক্য হলো, সাউদাদে হারিয়ে যাওয়া মানুষ, সম্পর্ক বা সময়ের জন্য ভালোবাসা ও বিষণ্নতায় ভরা আকুলতা, আর হিরাইথ সেটির একটি বিশেষ রূপ।
সবশেষে 'এনু-মঁ' (Énoument) একটি ফরাসি শব্দ, যা এমন এক অনুভূতি—বর্তমানের দিকে তাকিয়ে অতীতের নিজেকে বর্তমান অবস্থা দেখানোর আকাঙ্ক্ষা। যে অতীতের সত্তা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত, সেই সত্তাকে বর্তমানের সুন্দর অবস্থা জানাতে চাওয়াই এনু-মঁ। বর্তমানে ইনস্টাগ্রামে এনু-মঁর প্রচুর উদাহরণ দেখা যায়, যেখানে ব্যবহারকারীরা নিজের ১০ বছরের আগের সত্তার সঙ্গে বর্তমান সত্তার কাল্পনিক কথোপকথনের ভিডিও তৈরি করছেন।
এই ছয়টি শব্দ আমাদের আবেগের জটিলতাকে ভাষায় রূপ দেওয়ার এক অসাধারণ উদাহরণ। এগুলো জানার মাধ্যমে আমরা নিজেদের অনুভূতিগুলোকে আরও স্পষ্টভাবে চিহ্নিত ও প্রকাশ করতে পারি।



