বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৭ জেলেসহ এমভি জাহান নামের একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার বিকেল চারটার দিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি দল অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সবাই বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার বিকেলে সুন্দরবনের আলোরকোল এলাকার বঙ্গোপসাগর থেকে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনের একটি দল জেলেদের উদ্ধার করে। আবহাওয়া খারাপ থাকায় সাগর উত্তাল, তাই এখনো ট্রলার নিয়ে সেখানে যাওয়া যাচ্ছে না। আবহাওয়া ভালো হলে ট্রলার নিয়ে গিয়ে জেলেদের পাথরঘাটায় আনা হবে।

কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন সূত্র জানায়, এমভি জাহান ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ড ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চালায়। ১৭ জন জেলেসহ ট্রলারটি তীরের কাছাকাছি আলোরকোল এলাকায় ভাসছিল। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ১৭ জেলেই বর্তমানে সুস্থ আছেন। পাথরঘাটা থেকে ট্রলার গিয়ে তাঁদের নিয়ে আসবে।

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, ছয় দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এমভি জাহান ট্রলারে করে ১৭ জন জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। সাগরে যাওয়ার দুই দিন পর ট্রলারটির পাখা ভেঙে যায়। এতে ট্রলারটি পুরোপুরি বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় নেটওয়ার্কের বাইরে থাকার পর ভাসতে ভাসতে ট্রলারটি নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা পাথরঘাটা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বিপদের কথা জানান এবং দ্রুত উদ্ধারের আকুতি জানান। পরে ট্রলার মালিক বিষয়টি কোস্টগার্ডকে জানালে তারা উদ্ধার অভিযান চালিয়ে গতকাল বিকেলে জেলেদের উদ্ধার করে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল প্রথম আলোকে বলেন, 'বিষয়টি আমার জানা নেই।' উদ্ধার হওয়া জেলেদের পরিবারের সদস্যরা ঘটনা জানার পর স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত তাদের ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। স্থানীয় মৎস্যজীবী সমিতি ও কোস্টগার্ড আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত জেলেদের পাথরঘাটায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।