ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক তরুণের লাশ এক দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে ওই তরুণের লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা ও পুলিশ। নিহত তরুণের নাম মোহাম্মদ সাকিব (২৪)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সাকিব তাঁর পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সাকিব তাঁর নানাবাড়িতে বেড়াতে আসেন পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে। পরদিন শনিবার দুপুরে তিনি নানাবাড়ি সংলগ্ন মুহুরী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীতে ডুব দিলে তিনি আর ভেসে ওঠেননি। খবর পেয়ে আশপাশের লোকজন ও স্বজনরা নদীতে নেমে তাঁকে খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে বিষয়টি জানানো হয়।
ফায়ার সার্ভিসের পরশুরাম স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে ডুবুরি দল নদীতে সন্ধান চালায়। ড্রামের তৈরি ভেলা দিয়েও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। তবে শনিবার রাত পর্যন্ত সাকিবের কোনো সন্ধান মেলেনি। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। আজ সকালে ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের স্থানটি প্রায় ১০ কিলোমিটার দূরে বলে জানিয়েছে পুলিশ। স্রোতের কারণে তাঁর লাশ ভেসে গেছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিখোঁজের ঘটনাস্থল পরশুরাম মডেল থানা এলাকায় হওয়ায় তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।




