জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উন্মোচিত স্মারক ডাকটিকিটটির মূল্যমান ১০ টাকা। একইসঙ্গে একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিবছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছর বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড প্রকাশ করে আসছে।




