‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ এক আয়োজনে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ আনুষ্ঠানিকভাবে চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘স্টার্টআপে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেলের বাণী পাঠের মাধ্যমে সূচনা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য মোর্শেদ হাসান খান। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়পর্ব, যার নাম দেওয়া হয়েছিল ‘গল্প নয়, সত্যি’। শিক্ষার্থীদের সঙ্গে স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর একটি মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচিত ছয় উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ তরুণ উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্ল্যাটফর্মটির মাধ্যমে সরকারি সহায়তা কর্মসূচি, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং প্রয়োজনীয় সব সেবা একক জায়গা থেকেই পাওয়া যাবে। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।




