দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে শুক্রবার রাতে অনুষ্ঠিত ‘জুলাই গড়তে পদযাত্রায়’ বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি বিএনপির বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন। তাঁর দাবি, বাংলাদেশে জুলাই আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল, তা প্রথমে ভেঙে দিয়েছে বিএনপি। দ্বিতীয়ত, জুলাইয়ের চেতনাকে প্রথম বিকৃতও করেছে দলটি। তৃতীয়ত, জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, সেটিও প্রথমে করেছে বিএনপি।

পাটওয়ারী আরও বলেন, বিএনপি যদি সঠিক পথে ফিরে আসে, তাহলে আবারও জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াই চলছে, বিএনপিও যদি একই ব্যবস্থা চালু রাখে, তাহলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও কঠোর লড়াই হবে।

পদযাত্রায় আরও বক্তব্য দেন এনসিপির অন্যতম নেতা সারজিস আলম। তিনি ভারতের নানা ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, যারা একজন গণহত্যাকারীকে আশ্রয় দেয়, ওসমান হাদীর হত্যাকারীকে আশ্রয় দেয়, নিজ দেশের ন্যায্য পানির হিস্যা বুঝিয়ে দেয় না, খরার সময় পানি আটকে রাখে, বর্ষায় পানি ছেড়ে দিয়ে মানুষ হত্যার কর্মযজ্ঞ চালায়—তারা কোনোদিন বন্ধু হতে পারে না, এমনকি প্রতিবেশীও হতে পারে না।

এনসিপির হাকিমপুর উপজেলা শাখা এই পদযাত্রার আয়োজন করে। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ–সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পাটওয়ারী আরও বলেন, সংস্কার বাস্তবায়ন না করলে সরকারের গদি টিকবে কি না, সেই নিশ্চয়তা তিনি দিতে পারেন না। এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারকেও কড়া বার্তা দেন।