ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর ক্যারিয়ারের পরবর্তী ধাপ নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ। সান্তোসের সঙ্গে তাঁর বিদ্যমান চুক্তি আসছে ডিসেম্বরে শেষ হবে। এরপর তিনি ক্লাবে থাকবেন, অন্যত্র যাবেন, নাকি পুরোপুরি ফুটবল থেকে সরে দাঁড়াবেন—সেই প্রশ্নের উত্তর সময় হলেই দেবেন বলে জানিয়েছেন। ২০২৭ সালে অবসরের বিষয়টিও একেবারে নাকচ করেননি তিনি।
সোমবার সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক দাতব্য নিলামে অংশ নেওয়ার সময় নিজের ইউটিউব প্লাটফর্মে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি মন্তব্য করেন, 'আমি জানি না আর কত দিন খেলব। অবসরের বিষয়ে এখনও ভাবিনি, তবে কত দিন খেলতে পারব, সেটাও অজানা। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সাথে আমার চুক্তি আছে। চুক্তির মেয়াদ পূরণ করে দলের জার্সির সম্মান রক্ষা করাই আমার লক্ষ্য। এরপরই ঠিক করব— সান্তোসে থাকব, অন্য জায়গায় যাব, ফুটবলকে বিদায় জানাব, নাকি খেলা চালিয়ে যাব।'
চৌত্রিশ বছর বয়সী এ তারকা আরও জানান, 'ডিসেম্বর এখনও বেশ দূরেই অবস্থান করছে। তাই আমি একেকটি ম্যাচ ধরে সামনে এগোতে চাই। শারীরিকভাবে নিজেকে ভালো রাখতে পারছি, আর এটাই হলো আসল কথা।' আজ সকালে বেলেমের উদ্দেশে যাত্রা করে সান্তোস দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। সেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোর বিপক্ষে খেলবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য থাকায় কোয়ার্টার ফাইনালে জায়গা করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই।
নেইম জানান, এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। মজার সুরে তিনি বলেন, 'সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় বুঝতে ওঠার আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়। সাংবাদিকেরা ইতিমধ্যে লিখেছেন আমি বেঞ্চে থাকব। তবে কোচের জন্য আমি পুরোপুরি ফিট। সুযোগ পেলে মাঠে গিয়ে দলকে জেতাতে চাই।'
জাতীয় দলের অধ্যায় নিয়ে নেইমার অবশ্য চূড়ান্ত মতামত ব্যক্ত করেছেন। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানা ম্যাচ শেষে তিনি জানিয়েছিলেন, 'জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস সৃষ্টি করেছি, খুশি ছিলাম। নিজের জীবন ও রক্ত সবকিছু দিয়েছি। হলুদ জার্সিতে সর্বদা লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।' এর আগেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর একই ইচ্ছা প্রকাশ করেছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
তবে নেইমাদের বাবা নেইমার সান্তোস সিনিয়র দাবি করছেন, ছেলের ওই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত ভেবে নেওয়া ঠিক হবে না। সাংবাদিকদের তিনি বলেন, 'অনেকেই ভুল বুঝেছেন। সে বলেছিল, 'মনে হয় এখানেই শেষ।' এটি তার মুহূর্তের অনুভূতি, কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। আমরা তো মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ এখনও চার বছর দূরের ব্যাপার। এত আগে সে কীভাবে নিশ্চিত উত্তর জানাবে?' নেইমার সিনিয়র আরও যোগ করেন, 'সে বরাবরই নিজের মনে কথা বলে। এই মুহূর্তে তার কাছে মনে হচ্ছে, জাতীয় দলের অংশ শেষ হতে চলেছে। কিন্তু এটি পাকাপোক্ত সিদ্ধান্ত নয়, শুধুই বর্তমান মানসিকতা।'


