দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চুক্তিভিত্তিক খণ্ডকালীন ‘লিগ্যাল রিটেইনার’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২ আগস্ট ২০২৬।
পদটির জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় কমপক্ষে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা বাধ্যতামূলক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিধিবিধান এবং ব্যাংকিং সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতাও আবশ্যক।
চুক্তির মেয়াদ হবে তিন বছর। কর্মঘণ্টার ক্ষেত্রে সপ্তাহে তিন কর্মদিবসে একটি নির্দিষ্ট সময়ে ন্যূনতম তিন ঘণ্টা বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে অবস্থান করতে হবে। মাসিক সম্মানী হিসেবে নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার টাকা।
আবেদনের নিয়ম অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd ই-মেইলে প্রেরণ করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো: পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।
বিজ্ঞপ্তিতে কিছু শর্তও উল্লেখ করা হয়েছে। শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের বিপক্ষে বা বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ ও পরিচালনা করতে পারবেন না। অপরদিকে, নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো সময় এক মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে প্রদানপূর্বক এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে, নিয়োজিত লিগ্যাল রিটেইনারও এক মাসের নোটিশ অথবা সমপরিমাণ নোটিশ-পে কর্তৃপক্ষের কাছে প্রদান সাপেক্ষে চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন।



