প্রচলিত এটিএম বুথে লেনদেনের সময় কার্ড আটকে যাওয়া একটি নিত্যনৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ভোগান্তির অবসান ঘটাতে দেশে প্রথমবারের মতো স্পর্শহীন প্রযুক্তির এটিএম সেবা চালু করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক। এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) নামের এই আধুনিক প্রযুক্তিতে গ্রাহকদের আর মেশিনের স্লটে কার্ড ঢোকাতে হবে না। বুথের নির্ধারিত জায়গায় কার্ডটি স্পর্শ করালেই লেনদেন সম্পন্ন করা যাবে।

বাংলাদেশে এই প্রযুক্তির এটিএম চালু করার ক্ষেত্রে সিটি ব্যাংকই প্রথম বলে প্রতিষ্ঠানটির দাবি। তবে এই সেবা শুধু সিটি ব্যাংকের গ্রাহকদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু থাকায় দেশের যেকোনো ব্যাংকের গ্রাহকরা এই বুথ ব্যবহার করতে পারবেন। তবে এক্ষেত্রে প্রতি লেনদেনে ১৫ টাকা অতিরিক্ত খরচ বহন করতে হবে।

এনএফসি প্রযুক্তিতে কাজ করার জন্য উপযোগী কার্ডের প্রয়োজন হবে। বর্তমানে প্রায় সব ব্যাংকই এই ধরনের কার্ড প্রদান করছে। ফলে নতুন করে কার্ড নেওয়ার জন্য আলাদা কোনো আবেদনের দরকার পড়বে না। মেশিনে কার্ড প্রবেশ করানোর প্রয়োজন না থাকায় কার্ড হঠাৎ আটকে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে না।

বিশেষ করে অন্য ব্যাংকের এটিএমে নিজের ব্যাংকের কার্ড ব্যবহারের সময় কার্ড আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি মিলবে নতুন প্রযুক্তিতে। প্রথাগত বুথগুলোতে স্কিমিং ডিভাইস বসিয়ে কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপের তথ্য চুরি করার ঘটনা প্রায়ই শোনা যেত। কিন্তু এনএফসি প্রযুক্তিতে কার্ড থেকে মেশিনে সরাসরি সংকেত পাঠানো হয়। ফলে কার্ড ক্লোনিং বা তথ্য চুরির আশঙ্কা অনেকাংশে কমে যাবে।

কার্ডটি রিড হওয়া এবং লেনদেন শেষে বের হওয়ার জন্য যে অতিরিক্ত সময় লাগত, তা সাশ্রয় হবে বলেও জানানো হয়েছে। ফলে গ্রাহকরা দ্রুততার সাথে লেনদেন সম্পন্ন করতে পারবেন। বারবার মেশিনে কার্ড প্রবেশ করানোর ফলে ম্যাগনেটিক স্ট্রিপ এবং ইএমভি চিপের যে ক্ষয়ক্ষতি হতো, নতুন এই পদ্ধতিতে কার্ডটি অক্ষত থাকবে।

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার জানান, গ্রাহকদের সুবিধার কথা ভেবেই এই প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। কার্ড প্রবেশ করানোর ঝামেলা ছাড়াই গ্রাহকরা এখন স্বাচ্ছন্দ্যে ও দ্রুত লেনদেন করতে পারবেন।

ব্যাংকটি ইতিমধ্যে নতুন এই প্রযুক্তির ৭০ থেকে ৮০টি এটিএম বুথ স্থাপন করেছে। আগামী দিনগুলোতে নতুন এটিএম স্থাপন বা পুরনো বুথ পরিবর্তনের সময় এনএফসি প্রযুক্তির বুথ বসানো হবে বলে জানানো হয়েছে।