উচ্চমূল্যের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণ করতে একটি নতুন অংশীদারিত্বে প্রবেশ করেছে প্রাইম ব্যাংক। এই লক্ষ্যে ব্যাংকটি হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।
এই সহযোগিতার ফলে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সেবার আওতাভুক্ত গ্রাহকরা হেলথ পান্ডা লিমিটেডের মাধ্যমে চীন ও মালয়েশিয়ার বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা লাভ করবেন। চুক্তিটি বিশেষভাবে বিদেশে উন্নত চিকিৎসা প্রত্যাশী গ্রাহকদের জন্য সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম। অপর পক্ষে হেলথ পান্ডা লিমিটেডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে দলিলে স্বাক্ষর করেন।
এই আয়োজনে প্রাইম ব্যাংকের হ্যাড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং হেলথ পান্ডার নির্বাহী পরিচালক তামিম হুসাইন, মহাব্যবস্থাপক সানজি এস গাজীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এই নতুন উদ্যোগের সাক্ষী হন। প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি প্রাইম ব্যাংকের গ্রাহক সেবার মান আরও বাড়িয়ে তোলার কৌশলের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



