জার্মানিতে ভ্রমণের পুরো সময়জুড়ে আমাদের চলাচলকে সহজ করে তুলেছিল ডয়চল্যান্ড-টিকিট—ডিবি-এর একটি মাসিক পাস। এই টিকিটের মাধ্যমে বার্লিন, পটসডাম, ড্রেসডেন ও লুবেনাউসহ বিভিন্ন শহরে এস-বান, ইউ-বান, ট্রাম, বাস এবং আঞ্চলিক ট্রেনে অবাধে যাতায়াত সম্ভব হয়েছে। প্রতিটি যাত্রার আগে আলাদা টিকিট কেনার ঝামেলা দূর হওয়ায় সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হয়েছে। বার্লিনকে বেজ ক্যাম্প হিসেবে রেখে আমরা পরিকল্পনা করলাম, আশপাশের আরও দু-একটি শহর ঘুরে দেখার পর ধীরে ধীরে রাজধানীতে ফেরা হবে।

সকালে ট্রেনে চড়ে লুবেনাউয়ের দিকে রওনা হওয়ার সময় জানালার বাইরে জার্মান গ্রীষ্মের প্রকৃতি দ্রুত বদলাচ্ছিল। কোথাও সবুজ মাঠ, কোথাও হলুদ ফসলের ক্ষেত, দূরে উইন্ডমিলের ধীর ঘূর্ণন। শহরে পৌঁছে মনে হলো—এই জায়গা যেন সময়ের বাইরে দাঁড়িয়ে আছে। ইউরোপের দ্রুতগতির, চকচকে নগরগুলোর বিপরীতে লুবেনাউ ঠিক উল্টো; এর সৌন্দর্য জাঁকজমকপূর্ণ নয়, বরং নরম, শান্ত ও ধীর। শহরের প্রাণজুড়ে প্রবাহিত স্প্রিওয়াল্ড—জলপথের আঁকাবাঁকায় আঁকা একটি ইউনেসকোস্বীকৃত অনন্য জীবমণ্ডল অঞ্চল। শত শত সরু খাল, সবুজ বনপথ, লাল-সবুজ-বাদামি গাছের সারি, কাঠের সেতু ও ধীরগতির নৌকা—সব মিলিয়ে যেন প্রকৃতির হাতে আঁকা এক জলরঙের ছবি। খালের পানি এত শান্ত যে মনে হয় সেখানে সময়ই থেমে আছে।

এই ইউরোপীয় দৃশ্যের ভেতরেই হঠাৎ বাংলাদেশের গ্রামের সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল। বিশাল খড়ের গাদা, যেগুলো ইতস্তত ছড়ানো—ঠিক যেমনটি গ্রামের ধান কাটার মৌসুম শেষে দেখা যায়। সেই একই আকৃতি ও রং। পাশে সবুজ ঘাসে গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছে, দূরে গাছের সারি, আকাশে মেঘ—মনে হলো কয়েক মুহূর্তের জন্য জার্মানি মিলিয়ে গেছে, ফিরে গেছি দেশের কোনো গ্রামে। শৈশবের স্মৃতি—খড়ের গাদার চারপাশে খেলা, গোপন ঘাঁটি বানানো, সন্ধ্যায় মায়ের ডাক—সবই যেন খুলে গেল। বিদেশের মাটিতে নিজের গ্রামের গন্ধ পাওয়া—এটি এক অপ্রত্যাশিত, অদ্ভুত আনন্দ।

স্থানীয়রা লুবেনাউকে মজা করে বলেন ‘গুরকেনহাউপ্টস্টাড্ট’, অর্থাৎ আচারের রাজধানী। স্প্রিওয়াল্ডের শসার আচার জার্মানিতে কিংবদন্তি। এখানকার আরেকটি ঐতিহ্য হলো সোরবিয়ান জনগোষ্ঠীর সংস্কৃতি—তাদের ভাষা, পোশাক ও গান আজও জীবন্ত। লাল ছাদের ছোট ঘর, কাঠের জানালা, রঙিন ফুলের বাগান, খালের ধারে ক্যাফে ও গির্জার চূড়া—সব মিলিয়ে শহরটি যেন পুরোনো ইউরোপীয় উপন্যাসের পাতা। কয়েকটি বাড়ির সামনে ছোট টেবিলে সাজানো ছিল মৌসুমি ফল—চেরি, বেরি ও অপরিচিত ফল। দাম লেখা বোর্ডের পাশে ছিল একটি ছোট ক্যাশবক্স, কিন্তু কোনো বিক্রেতা নেই। বিশ্বাসের ওপর ভর করে টাকা রেখে ফল নিয়ে যাওয়ার এই নিয়ম—ভ্রমণের শেষে অনেক দৃশ্য ভুলে গেলেও সেই নির্জন টেবিল ও বিশ্বাসভরা বাক্সটি আজও মনে রয়ে গেছে।

বার্লিন থেকে অল্প সময়ের ট্রেনযাত্রায় পৌঁছানো যায় পটসডাম—যেখানে রাজকীয় ইতিহাস ও নীরবতার এক অনন্য মিশেল রয়েছে। ট্রেনের জানালা থেকে দেখা যায় সবুজ মাঠ, লাল ছাদের ছোট ঘর ও দূরের গাছের সারি। শহরের কেন্দ্রে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে ডাচ কোয়ার্টার—লাল ইটের ঘর, কাঠের জানালা ও ছোট ক্যাফে, যা মনে করিয়ে দেয় পুরোনো বাণিজ্যিক শহরের চিত্র। এই পথের শেষেই দাঁড়িয়ে আছে সানসুসি প্রাসাদ—প্রুশিয়ান রাজা ফ্রেডরিক দ্য গ্রেটের ব্যক্তিগত আশ্রয়স্থল। ফরাসি শব্দ ‘সান সুসি’র অর্থ চিন্তামুক্ত; প্রাসাদের নামই বলে দেয় এর চরিত্র। এখানে রাজকীয় অহংকার নেই, আছে শান্তি। রোকোকো শৈলীর সোনালি দেয়াল, মার্বেল মেঝে ও নিখুঁত অলংকরণ—সবকিছুতে শিল্প ও নীরবতার ছাপ। বাগানের নিচ থেকে তাকালে প্রাসাদটি যেন ধীরে ধীরে উঠে আসে—একটি সোনালি রেখা, একটি শান্ত রাজ্য। ফ্রেডরিক ছিলেন একজন দার্শনিক রাজা—যিনি যুদ্ধের চেয়ে সংগীতকে বেশি ভালোবাসতেন, ক্ষমতার চেয়ে নীরবতাকে বেশি মূল্য দিতেন। সানসুসি তাই শুধু স্থাপনা নয়, তাঁর ব্যক্তিগত দর্শনের প্রতীক।

পটসডাম শুধু রাজাদের শহর নয়; এটি ইতিহাসেরও শহর। এখানেই হয়েছিল পটসডাম কনফারেন্স—দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে বিশ্বের নতুন মানচিত্র আঁকা হয়েছিল। শহরের হৃদয়ে থাকা বাগানগুলোতে মার্বেলমূর্তি, ফোয়ারা, গাছের পাতায় আলো-ছায়ার খেলা ও দূরে পাখির ডাক—সব মিলিয়ে জায়গাটি যেন সময়ের বাইরে। পুরোনো আমলের একটি উইন্ডমিলও চোখে পড়ল। এক বিকেলে পুরো এলাকা ঘুরে দেখা প্রায় অসম্ভব, কারণ প্রতিটি দিকে এগোতেই নতুন বাগান বা প্রাসাদ সামনে আসে।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অল্টার মার্কেট—অর্থাৎ পটসডামের পুরোনো বাজার চত্বর—শহরের আত্মা হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে বিশাল গম্বুজযুক্ত সেন্ট নিকোলাস চার্চ, যা চত্বরটিকে রাজকীয় সৌন্দর্য দেয়। পাশাপাশি পটসডাম সিটি প্যালেস—যা একসময় প্রুশিয়ান রাজাদের বাসভবন ছিল। যুদ্ধের সময় প্রাসাদটি ধ্বংস হলেও আজ তার পুনর্নির্মিত অংশ স্কয়ারকে রাজকীয় ছায়া দেয়। চত্বরের চার্চের সিঁড়িতে বসে মানুষ গল্প করে, ছবি তোলে বা শুধু নীরবে চারপাশ দেখে। এক পথশিল্পী শান্ত মনে বাদ্যযন্ত্রে সুর তুলছিলেন—সুরের ভাঁজে যেন তাঁর সুখ-দুঃখ ও স্বপ্নের গল্প। সামনে রাখা খোলা বাক্সটি শুধু উপার্জনের জন্য নয়, শিল্পী ও পথচারীর নীরব সংযোগের প্রতীক। ইউরোপের জনাকীর্ণ চত্বর কিংবা নির্জন পথে এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে—কেউ গান গায়, কেউ বাঁশি বাজায়, কেউ গিটারে জীবনের গল্প শোনায়। এই নীরবতার মধ্যেই হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো জন্ম নেয়।