নেটফ্লিক্সে প্রতিটি সপ্তাহেই নতুন সিনেমা ও সিরিজ আসছে, আর বাংলাদেশের দর্শকদের পছন্দের তালিকায় দেখা যাচ্ছে বৈচিত্র্যময় আগ্রহ। সম্প্রতি নেটফ্লিক্সের শীর্ষ পাঁচ সিনেমার মধ্যে রয়েছে তামিল অ্যাকশন-ড্রামা 'ব্লাস্ট', যা দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো একটি পরিবারের গল্প। একটি শক্তিশালী অপরাধী চক্রের বিরুদ্ধে সেই পরিবারের লড়াই কেন্দ্র করে নির্মিত ছবিটি গত ২৮ মে মুক্তির পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলে। এখন ওটিটিতে এসেও এর জনপ্রিয়তা কমেনি। সুবাস কে রাজের পরিচালনায় অর্জুন সারজা, অভিরামি ও প্রীতি মুখুন্ধনের অভিনয়ে ছবিটি দ্রুতগতির চিত্রনাট্য ও পারিবারিক আবেগের জন্য প্রশংসিত হচ্ছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে 'এনোলা হোমস ৩'। শার্লক হোমসের ছোট বোন এনোলার গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় তাকে মাল্টায় নিজের প্রিয় মানুষ টিউকসবারিকে বিয়ে করতে দেখা যায়, কিন্তু ভাই শার্লক রহস্যজনকভাবে নিখোঁজ হলে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। চুরি হওয়া সোনা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে এনোলা। মিলি ববি ব্রাউন, হেনরি ক্যাভিল ও হেলেনা বনহ্যাম কার্টার অভিনীত ছবিটি পরিচালনা করেছেন ফিলিপ বারান্তিনি। তৃতীয় অবস্থানে রয়েছে প্রিয়দর্শন পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত 'ভূত বাংলা'। উত্তরবঙ্গের মঙ্গলপুর গ্রামে বিয়ের আগের রাতে নববধূ গায়েব হওয়ার ঘটনা নিয়ে তৈরি এই হরর-কমেডি ছবিটি প্রেক্ষাগৃহে তেমন সাফল্য না পেলেও নেটফ্লিক্সে দর্শকদের কাছে ভালো সাড়া পেয়েছে। এতে পরেশ রাওয়াল, যীশু সেনগুপ্ত ও টাবুর মতো অভিনেতা রয়েছেন। চতুর্থ স্থানে 'ভয়েসমেল ফ্রম ইসাবেল' নামের একটি রোমান্টিক কমেডি। একটি পুরোনো ভয়েসমেল ঘিরে চাপা পড়ে থাকা সত্যের অনুসন্ধান নিয়ে লিয়া ম্যাককেন্ড্রিকের এই ছবিতে অভিনয় করেছেন নিক রবিনসন ও জোয়ি ডয়চ। পঞ্চম স্থানে প্রভাসের 'রাজা সাব'। এটি একটি হরর-কমেডি যেখানে রাজু তার দাদি গঙ্গার সাথে সাধারণ জীবন কাটানোর পর জানতে পারেন তার পরিবার একসময় রাজবংশের অংশ ছিল। সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল ও মালবিকা মোহনন অভিনীত ছবিটি পরিচালনা করেছেন মারুথি।
সিরিজের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বিতর্কিত রিয়েলিটি শো 'লক আপ: সাচ ইয়া সাজা'র দ্বিতীয় মৌসুম। প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের গোপন অধ্যায় প্রকাশের কারণে শুরু থেকেই আলোচিত এই শোটি বাংলাদেশেও শীর্ষে রয়েছে। ফারাহ খান ও রিতেশ দেশমুখের সঞ্চালনায় প্রতি শনি থেকে বুধবার রাত ৮টায় নেটফ্লিক্সে নতুন পর্ব আসছে। দ্বিতীয় স্থানে 'অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার ২'। নেটফ্লিক্সের লাইভ-অ্যাকশন সিরিজটির দ্বিতীয় মৌসুম দর্শকদের আর্থ কিংডমে নিয়ে গেছে, যেখানে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ও রাজনৈতিক ষড়যন্ত্র মিশেছে। তৃতীয় স্থানে কোরীয় অ্যাকশন থ্রিলার 'এজেন্ট কিম রিঅ্যাকটিভেটেড'। সো জি-সাব অভিনীত পাঁচ পর্বের সিরিজটিতে একক বাবা কিম দো-হিয়নের অতীত গুপ্তচর জীবন ফিরে আসে যখন তার মেয়ে অপহৃত হয়। চতুর্থ স্থানে সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'। মামলা ও বিতর্কের পর ইউটিউব থেকে সরিয়ে নেওয়া এই শোটি এখন নেটফ্লিক্স ও ইউটিউবে একযোগে প্রচারিত হচ্ছে। পঞ্চম স্থানে রয়েছে বিতর্কিত কোরীয় সিরিজ 'টিচ ইউ আ লেসন', যা দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থার গল্প বললেও বর্ণবৈষম্য ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে।




