দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী হিসেবে নিজের স্বকীয়তা ধরে রেখেছেন ইবরার টিপু। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শারীরিক অবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত এ বিষয়ে বিবৃতি দিয়েছেন তার স্ত্রী, যিনি নিজেও একজন সংগীতশিল্পী।

বিন্দু কণা ইবরার টিপুর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচারে এসে জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। জটিল একটি অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।

স্ত্রী বিন্দু কণা বলেন, ‘ইবরার টিপুর একটি বড় সার্জারি সম্পন্ন হয়েছে। এই কারণে তার পক্ষে স্বাভাবিকভাবে কথা বলতে এখন কিছুটা বেগ পেতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ঠিক হয়ে যাবে। সম্প্রতি একটি ভিডিও দেখে অনেকে চিন্তিত হয়ে ফোন করেছেন। কিন্তু বর্তমানে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। একটু সুস্থ হলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।’

তিনি আরও জানান, ‘আমরা এই বিষয়টি আগে কাউকে জানাতে চাইনি। কিন্তু ফেসবুকে ইবরার টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই প্রকৃত অবস্থা সবার সামনে তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। সবাই যেন তার জন্য দোয়া করেন।’

এর আগে এক আলাপচারিতায় নিজেও ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন ইবরার টিপু। সে সময় তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে নিয়মিত থেরাপি নিচ্ছেন এবং মানসিক শক্তি ধরে রাখতে নিজেকে সংগীতচর্চায় ব্যস্ত রাখছেন। স্টুডিওতে বেশি সময় কাটিয়ে নতুন নতুন গান তৈরিতে মনোযোগ দিচ্ছেন তিনি।

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ রচনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইবরার টিপু। তার সুর ও সংগীতে দেশের একাধিক প্রজন্মের শিল্পী গান গেয়েছেন এবং বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীতও তিনি নির্মাণ করেছেন। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। বিন্দু কণা আশা প্রকাশ করে জানিয়েছেন, শিগগিরই সবার পরিচিত সেই প্রাণবন্ত ইবরার টিপুকে আবার দেখা যাবে।