চলতি ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংক তাদের মুনাফা, পরিচালন দক্ষতা এবং স্থিতিপত্র সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জুন শেষে সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ধরে সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৩ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই মুনাফার পরিমাণ ছিল ৯০৬ কোটি টাকা।
আলোচ্য সময়ে শুধুমাত্র ব্যাংকটির একক নিট মুনাফা ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৩ কোটি টাকায় উন্নীত হয়েছে। আগের বছর একই সময়ে যেখানে এই মুনাফা ছিল ৬২০ কোটি টাকা। এছাড়া, এ বছরের জানুয়ারি-জুন সময়ে আমানতের পরিমাণ ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদন নিয়ে সম্প্রতি আয়োজিত এক ‘ভার্চ্যুয়াল আর্নিংস কল’ সভায় এই তথ্যগুলো উপস্থাপন করা হয়। সেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষণা বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার সংশ্লিষ্ট পেশাজীবীরাও এই সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হয়েছে বলে জানা গেছে।




