মাসের শেষে হাতে কিছু অতিরিক্ত টাকা থাকলে তা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে চান অনেকেই। কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে জটিল কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ঝামেলার কারণে অনেকে আর সেটি আর হয়ে ওঠে না। সেই দূরত্ব ঘোচাতে প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে এলো আইডিএলসি ফিন্যান্স এবং বিকাশ। দুই প্রতিষ্ঠান যৌথভাবে চালু করেছে ডিজিটাল মেয়াদি আমানত বা এফডিআর সেবা, যার মাধ্যমে বিকাশ অ্যাপ ব্যবহার করেই সম্পূর্ণ কাগজবিহীনভাবে এফডিআর খোলা সম্ভব হবে। গ্রাহকদের আর আর্থিক প্রতিষ্ঠানের শাখায় গিয়ে সময় নষ্ট করতে হবে না।
নতুন এই সেবায় গ্রাহকরা ১০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর করতে পারবেন। সঞ্চয়ের মেয়াদ হিসেবে বেছে নেওয়া যাবে ছয় মাস বা এক বছর। অর্থাৎ এককালীন কিছু অর্থ হাত থেকে বের করে ভবিষ্যতের জন্য আলাদা করে রাখার কাজটি এখন কয়েকটি ধাপেই সম্পন্ন করা যাবে মুঠোফোনের মাধ্যমে। শুধু এফডিআর খোলাই নয়, সঞ্চয়-পরবর্তী যাবতীয় কার্যক্রমও থাকছে ডিজিটাল পদ্ধতিতে। নির্ধারিত সময়ান্তে এফডিআরের মুনাফার অর্থ সরাসরি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে জমা পড়বে। পাশাপাশি অ্যাপ থেকে ডিজিটাল রসিদ সংগ্রহ করেও সেটি সংরক্ষণ করা যাবে। মেয়াদ শেষ হলে চাইলে এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নেরও সুবিধা পাবেন গ্রাহকরা।
সম্প্রতি আইডিএলসি ফিন্যান্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন আইডিএলসি ফিন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
ঘোষণা অনুষ্ঠানে এম জামাল উদ্দিন বলেন, বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার যুক্ত হলো মেয়াদি আমানতের সুবিধা। তাঁর প্রত্যাশা, এর ফলে আরও বেশি মানুষ সহজে সঞ্চয়ের আওতায় আসতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন, প্রথাগত আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে প্রযুক্তির মাধ্যমে সঞ্চয়ে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অন্যদিকে আলী আহম্মেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে সঞ্চয় সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে বিকাশ। নতুন এফডিআর সেবার মাধ্যমে মানুষ তাদের সঞ্চিত অর্থ আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন এবং ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা আরও ফলপ্রসূ হবে বলে তাঁর আশা।
উল্লেখ্য, বিগত প্রায় পাঁচ বছর ধরে বিকাশ অ্যাপের মাধ্যমেই আইডিএলসি ফিন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা পেয়ে আসছেন গ্রাহকরা। এবার সেই ধারায় যুক্ত হলো এককালীন সঞ্চয়ের এই নতুন সুযোগ। খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সঞ্চয় প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার মানুষের অভ্যাসেই বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে সঞ্চয়ের জন্য আলাদা স্থান, সময় এবং আনুষ্ঠানিকতার প্রয়োজন হতো, এখন সেখানে হাতের মুঠোয় থাকা ফোনের অ্যাপেই সঞ্চয় সম্পন্ন হয়ে যায়, ফলে প্রাতিষ্ঠানিক সঞ্চয় এখন অনেকাংশে সহজ হয়েছে।




