২০১৭ সালে প্রথম অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর যৌথ বার্ষিক মহড়া ‘টাইগার লাইটনিং’ এর নতুন সংস্করণ আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে একবার স্থগিত হলেও গত পাঁচ বছর ধরে টানা এই মহড়া চলছে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ‘টাইগার লাইটনিং-২৬’ এ দুই দেশের সেনাবাহিনীর ১৬০-এর বেশি সদস্য অংশ নিচ্ছেন। এবারের মহড়ায় শ্রেণিকক্ষ ও মাঠপর্যায়— উভয় ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। সমাপনী পর্বে থাকছে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ।

প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে বনাঞ্চলে পরিচালিত বিশেষ অভিযান, সন্ত্রাসবাদ দমন কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার কৌশল। এই আয়োজনের মাধ্যমে উভয় বাহিনী একে অপরের কর্মদক্ষতা ও কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

মহড়াটি মূলত ‘ইউএস আর্মি প্যাসিফিক’ এর থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান ও নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অন্তর্ভুক্ত। এর মূল উদ্দেশ্য হলো পেশাদার সম্পর্ক শক্তিশালী করা, সামরিক দক্ষতা এবং প্রস্তুতি বৃদ্ধি করা, পাশাপাশি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) আরও উন্নত করা।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এই দ্বিপক্ষীয় মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে অংশীদারিত্ব জোরদার করবে এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকরী ভূমিকা রাখার সামর্থ্য বাড়াবে।