ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অপারেশন নাসর-২-এর আওতায় কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় একাধিক হামলা চালানোর কথা জানিয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের স্থল বাহিনী ক্যাম্প আরিফজানে মার্কিন সেনাবাহিনীর একটি রসদ সরবরাহকেন্দ্রে আক্রমণ চালায়, যাতে কয়েকজন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ড্রোন হামলার মাধ্যমে আলী আল সালেম বিমানঘাঁটির রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এছাড়া অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও ড্রোন রাখার একটি স্থানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আইআরজিসির অভিযোগ, সরাসরি যুদ্ধে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রের ব্যর্থতা আড়াল করতে যুক্তরাষ্ট্র হাসপাতাল, সেতু, রেললাইন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, টেলিযোগাযোগ কেন্দ্র ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। স্থল বাহিনীর প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
অপর এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী গত রাতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে। দাবি করা হয়েছে, কুয়েতের আল আহমাদি বন্দরে মার্কিন নৌবহরের জ্বালানি সরবরাহ ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানের একটি স্থাপনা এবং বাহরাইনে বাতেলকো নামক গোয়েন্দা তথ্যকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন একটি সংকেত ও যোগাযোগকেন্দ্র ধ্বংসের কথাও জানিয়েছে আইআরজিসি। তারা দাবি করে, এই অভিযানের সময় হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় ছিল। আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তারা আরও বিস্তৃতভাবে জবাব দেবে।
একই সময়ে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানের ভাষ্য, গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের মতে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের অংশ। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হামলা বন্ধ হয়নি বলে জানিয়েছে ইরান। ওই সমঝোতার প্রথম শর্ত ছিল সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ রাখা। ইরানে টানা সপ্তম রাত ধরে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে এবং উপসাগরীয় মিত্রদের ওপর পাল্টা আঘাত হানার কৌশল নিয়েছে তেহরান।

