বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার টেলিভিশন পর্দায় নিজের প্রতিভা প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি জানা গেছে, তিনি ‘ডে ওয়ানস’ নামক একটি ব্রিটিশ সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন এবং একইসঙ্গে এতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করবেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সিরিজটির গল্প কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে কেন্দ্র করে আবর্তিত হবে। এই চরিত্রে অভিনয় করছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’-এর মতো সিরিজে কাজ করার জন্য সুপরিচিত। বর্তমানে সিরিজটির শুটিং শুরু হয়েছে এবং সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বার্নেট এফসির মাঠে ড্যামিয়ান লুইসকে শুটিং করতে দেখা গেছে।
রোনালদোর পাশাপাশি এই সিরিজে আরও একজন ফুটবল কিংবদন্তি উপস্থিত থাকবেন—ফ্রান্সের থিয়েরি অঁরি। তাঁর বাস্তব জীবনের এজেন্ট ড্যারেন ডেইনের একটি ধারণা থেকেই এই সিরিজের গল্পের সূচনা হয়েছে বলে জানা গেছে। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্রের মতে, এই সিরিজের তারকাখ্যাতি ও নির্মাণ মান বিবেচনা করে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে এটি পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হতে পারে। এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
‘ডে ওয়ানস’-এর নির্মাণশৈলী জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’ থেকে ভিন্ন। এটি মূলত একটি নাটকীয় গল্প, যেখানে হাস্যরসের কিছু উপাদান থাকলেও কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবল ব্যবসা, সম্পর্ক ও ক্ষমতার রাজনীতি। সাম্প্রতিক বিশ্বকাপের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে, যা এই সিরিজের নির্মাণে প্রভাব ফেলেছে।
ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওস ‘ডে ওয়ানস’ নির্মাণ করছে। চলতি বছরই এই প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন রোনালদো ও ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ ও ‘কিক-অ্যাস’-এর পরিচালক ভনের লক্ষ্য, প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধারা বদলে নতুন ধরনের কনটেন্ট তৈরি করা। স্টুডিও ঘোষণার সময় ভন বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন, যা আমি চাইলেও লিখতে পারতাম না। এবার তাঁর সঙ্গে অনুপ্রেরণাদায়ক গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’ অন্যদিকে রোনালদো বলেছিলেন, ‘এটি আমার জীবনের নতুন ও রোমাঞ্চকর একটি অধ্যায়। ফুটবলের বাইরেও নতুন উদ্যোগ নিয়ে আমি আশাবাদী।’
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরের অধিনায়ক। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দুই দফায় ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদনজগতেও নিজের অবস্থান তৈরি করার পথে হাঁটছেন এই ফুটবল তারকা। ‘ডে ওয়ানস’-এ আরও অভিনয় করবেন ব্রিটিশ র্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কারলোত্তা বানাত। সিরিজটির মুক্তির তারিখ বা কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এটি প্রকাশিত হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।




