রাজধানীর কাফরুল থানা এলাকার কাজীপাড়া পদচারী–সেতুর নিচে ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধারের ঘটনায় মো. রব মিয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজা ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুর রশিদ মোল্লা।

কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানা-পুলিশ খবর পায় যে কাজীপাড়া পদচারী-সেতুর নিচের রাস্তায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন জড়ো হয়েছে।

রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রব মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ২২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। এই ঘটনায় কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু জাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ মোস্তফা। একই বছরের ৩ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।