দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদক পাচারের সময় ধরা পড়ার ভয়ে নদীতে ইয়াবার প্যাকেট ফেলে দিয়েছিলেন দুই পাচারকারী। কিন্তু স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেপ্তার এড়াতে পারেননি তাঁরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার ১৩৭টি ইয়াবা বড়ি। রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুলানন্দনপুর গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)।

স্থানীয় মাদক নির্মূল কমিটি ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বিশ্বনাথ ঘাট দিয়ে মাদক পাচারের গোপন সংবাদ পান কমিটির সদস্যরা। সংবাদ পাওয়ার পরই কমিটির কয়েকজন সদস্য ঘাট এলাকায় গোপনে অবস্থান নেন। কিছুক্ষণ পর দুই অপরিচিত ব্যক্তি নদী পার হওয়ার জন্য একটি নৌকায় ওঠেন। তাঁদের সন্দেহজনক গতিবিধি দেখে মাদক নির্মূল কমিটির সদস্যরা নাম-পরিচয় জানতে চাইলে এক পর্যায়ে রফিকুল কোমরের কাপড় থেকে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট বের করে নদীর পানিতে ছুড়ে ফেলেন।

ঘটনাটি দেখে কমিটির সদস্যরা সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে নদীতে ফেলে দেওয়া প্যাকেটগুলো উদ্ধার করেন। প্যাকেটগুলো খুলে ভেতর থেকে এক হাজার ১৩৭টি ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা উদ্ধারের পর স্থানীয় জনতা রফিকুল ও শাকিলকে আটক করে এবং তাঁদের ধাওয়া করে পিটুনিও দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে স্থানীয়দের কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।