রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে। বুধবার বিকেল পাঁচটায় জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর ফলে বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি ও সংশ্লিষ্ট সব পর্যটনকেন্দ্র আবার পর্যটকদের জন্য চালু হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ জুলাই সাজেক ভ্রমণে যে সাময়িক বিরতি আরোপ করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এখন থেকে পর্যটকেরা সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য পর্যটনস্থলে অবাধে ভ্রমণ করতে পারবেন। তবে চলতি বর্ষা মৌসুমে পার্বত্য অঞ্চলে বাড়তি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন উদ্যোক্তারা। তাঁদের দাবি, এ সিদ্ধান্তের ফলে পর্যটন খাতে ফের গতি ফিরবে। ইতিমধ্যে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজ নতুন বুকিং নেওয়া শুরু করেছে। রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, নিষেধাজ্ঞার কারণে তাঁদের প্রতিষ্ঠানের বুকিং ২০ শতাংশ কমে যায়। প্রতিদিন গড়ে ৩০ হাজার টাকা আয় কমেছে, সর্বমোট ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারে আবার বুকিং বাড়তে শুরু করায় ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন তারা।