কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে লিখিত শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার দোহার লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ শোকবার্তা হস্তান্তর করা হয়। কাতারের বাংলাদেশ দূতাবাস বুধবার তাদের ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
শোকবার্তা হস্তান্তরকালে স্পিকার কাতারের বর্তমান আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। আধুনিক কাতার নির্মাণের পথিকৃৎ হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির দূরদর্শী নেতৃত্ব এবং দুই দেশের সম্পর্ক জোরদারে তার অবদানের কথা স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হজরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সরকার কাতারের সাবেক আমিরের মৃত্যুতে ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে বুধবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাতেই স্পিকার মঙ্গলবার দুপুরে দোহায় একটি সংক্ষিপ্ত সরকারি সফরে যান। দোহায় অবস্থানকালে তিনি আজ বাংলাদেশ দূতাবাসও পরিদর্শন করেন।
প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এভাবেই শোক ও সমবেদনা জানানো হলো।



