বই পড়া কেবল চোখের কাজ নয়, বরং মস্তিষ্কের জন্য একটি বিশাল কর্মযজ্ঞ। পাঠের সময় দৃষ্টিশক্তি অক্ষর চিনে, ভাষার জাল শব্দ ও অর্থে রূপান্তরিত করে, মনোযোগ পাঠকের চোখকে পাতায় আটকে রাখে এবং স্মৃতি প্রতিটি নতুন তথ্যকে আগের পড়ার সঙ্গে মিলিয়ে দেয়। কল্পকাহিনির ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে ওঠে। পাঠক যখন কোনো চরিত্রের অবস্থান কল্পনা করেন, তখন নিজের স্মৃতি ও জ্ঞানের মিশেলে সেই চরিত্রকে জীবন্ত করে তোলেন। এ কারণেই গল্পের কোনো দুঃখে আমরা অশ্রুসজল হই বা ভয়ের দৃশ্যে শিউরে উঠি—মস্তিষ্ক এসব আবেগকে বাস্তবের মতোই সত্য বলে ধরে নেয়। পাঠের এই সময় মস্তিষ্কের ভেতরে ছবি তৈরি হওয়ার পেছনেও একই কারণ কাজ করে; নিজের অভিজ্ঞতার সঙ্গে কাহিনির মিলন ঘটিয়ে আমরা দৃশ্যকে চোখের সামনে দেখার মতো অনুভব করি।

একজন পাঠকের পছন্দ অন্যজনের থেকে আলাদা হওয়ার পেছনে হাজারো কারণ থাকতে পারে—কখনো কাহিনির পটভূমি, কখনো চরিত্রের আকর্ষণ, আবার বয়স বা জীবনের অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রুচিও বদলে যায়। গবেষকরা লক্ষ্য করেছেন, যারা জীবনে বেশি উত্তেজনা ও চ্যালেঞ্জ খোঁজেন, তারা হরর বা অ্যাকশন থ্রিলারের দিকে বেশি ঝুঁকে পড়েন। অন্যদিকে যারা মানসিক প্রশান্তি ও নিরাপত্তার অনুভূতি চান, তারা হালকা মেজাজের রোমান্টিক বা আরামদায়ক গল্প বেছে নেন। থ্রিলারপ্রেমীর মস্তিষ্ক ও হররপ্রেমীর মস্তিষ্কের মধ্যে মূল কার্যপ্রক্রিয়া একই হলেও, নির্দিষ্ট জনরার কারণে ভিন্ন মস্তিষ্কাংশে ভিন্ন মাত্রার সক্রিয়তা দেখা যায়।

থ্রিলার পড়ার মুহূর্তে মস্তিষ্ক গোয়েন্দার ভূমিকা নেয়। নতুন সূত্র বা ইঙ্গিত মিললেই মস্তিষ্ক ভবিষ্যতের অনুমান গড়ে তোলে এবং পুরোনো ধারণা বাতিল করতে থাকে। ২০১৫ সালের একটি গবেষণা বলছে, এ সময় মস্তিষ্কের ভবিষ্যৎ অনুমানের অংশ এবং চরিত্রের ভয় বা ইচ্ছা বোঝার কেন্দ্রগুলো অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। পাঠক শুধু কাহিনি শেষ হওয়ার অপেক্ষা করেন না; বরং নিজের মতো তত্ত্ব তৈরি করেন এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে তা যাচাই করেন। রোমান্স উপন্যাসের পাঠ মস্তিষ্ককে মানুষের আবেগ, আকর্ষণ ও সম্পর্কের রসায়ন বুঝতে ব্যস্ত রাখে। ২০১৩ সালের গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত প্রেমের গল্প পড়েন, তাদের অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা তুলনামূলকভাবে উন্নত হয়। প্রেমে পড়লে মস্তিষ্কে যে ডোপামিন হরমোন কাজ করে, রোমান্স পড়ার সময়ও মস্তিষ্কে অনেকটা একই ধরনের ছন্দ তৈরি হয়।

ফ্যান্টাসি পাঠকের সামনে এমন এক জগৎ হাজির করে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। সেখানে নতুন নিয়মকানুন শেখা ও তা ভঙ্গের পরিণতি বোঝার কাজ করতে হয়। হ্যারি পটার সিরিজের ওপর গবেষণায় দেখা গেছে, এ ধরনের বই পড়লে মস্তিষ্কের অপ্রত্যাশিত তথ্য মেলানোর এবং আবেগ নিয়ন্ত্রণের অংশগুলো সক্রিয় হয়। পাঠক তখন মস্তিষ্কের ভেতরেই এক বিশাল কৌশলগত খেলা খেলতে থাকেন। ভয়ের গল্প নিরাপদ পরিবেশে আনন্দদায়ক ভয় উপহার দেয়। আমরা জানি কোনো বিপদ নেই, তবু ভয় পেতে চাই। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ভয় যেমন অস্বস্তিকর, তেমনি ভয়হীনতা একঘেয়ে। বই এই দুইয়ের মাঝে একটি ভারসাম্যপূর্ণ আনন্দ দেয়। আরও উল্লেখযোগ্য হলো, হররপ্রেমীদের ওপর গবেষণায় দেখা গেছে, মহামারির মতো কঠিন সময়েও তারা মানসিকভাবে বেশি শক্তিশালী থাকেন, কারণ তাদের মস্তিষ্ক আগে থেকেই ভয়ংকর পরিস্থিতির সঙ্গে পরিচিত।

ঐতিহাসিক কল্পকাহিনি পাঠককে অন্য এক যুগে নিয়ে যায়। শুধু তারিখ ও নাম মুখস্থ করার বদলে পাঠক তখনকার মানুষের জীবনধারা বুঝতে পারেন। গবেষণায় প্রমাণিত, এ ধরনের পাঠ অন্যকে বোঝার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। আত্মজীবনী পড়ার সময় পাঠক অবচেতনভাবেই লেখকের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করতে থাকেন—একই পরিস্থিতিতে তিনি কী করতেন? এই তুলনা নিজের স্মৃতিগুলোকে নতুন করে চিন্তা করতে সাহায্য করে। রম্যরচনা বা রসিকতা বোঝার জন্য মস্তিষ্ককে দুটি কাজ একসাথে করতে হয়। প্রথমে জোকের মূল বিষয় বুঝতে হয়, যা একটি ছোট সমস্যা সমাধানের মতো। এরপর আসে বোঝার আনন্দ, যা পুরস্কারের অনুভূতি জাগায়।

কোনো নির্দিষ্ট জনরাকে সর্বশ্রেষ্ঠ বলা সম্ভব নয়। ফ্যান্টাসি কল্পনাশক্তিকে শাণিত করে, থ্রিলার অনুমানের দক্ষতা বাড়ায়, নন-ফিকশন জ্ঞান বৃদ্ধি করে। সবচেয়ে ভালো বই সেটিই, যা পাঠকের মনোযোগ ধরে রাখতে পারে এবং পড়তে আনন্দ দেয়। পড়ার সময় মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করতে কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে। প্রথমত, ফোন দূরে সরিয়ে রাখুন এবং নোটিফিকেশন বন্ধ করুন, যাতে মনোযোগ বিচ্ছিন্ন না হয়। দ্বিতীয়ত, পড়ার মাঝে মাঝে থামুন এবং ভাবুন—এরপর কী হতে পারে? অনুমান ভুল হলেও তা গল্পের সঙ্গে জুড়ে রাখবে। তৃতীয়ত, বই বন্ধ করে একটু মনে করুন—কী পড়লেন, কোন চরিত্র কী চায়। এই ছোট রিভিশন তথ্যকে মস্তিষ্কে স্থায়ী করে। চতুর্থত, পড়া বিষয়টি নিজের ভাষায় কাউকে বলুন বা লিখে রাখুন; সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাও একটি উপায়। পঞ্চমত, প্রিয় বই দ্বিতীয়বার পড়লে ক্ষতি নেই; তাড়াহুড়োয় প্রথমবার মিস হওয়া নতুন ইঙ্গিত বা বিষয় তখন চোখে পড়তে পারে। এই প্রতিবেদনটি রিডার্স ডাইজেস্টের তথ্যের ভিত্তিতে প্রস্তুত।