থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় মুকদাহান শহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ জন বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে তীর্থযাত্রায় থাকা ভিক্ষুদের একটি দলের ওপর একটি পিকআপ ভ্যান উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
মুকদাহান প্রদেশের গভর্নর ভোরায়ান বুনারাত জানিয়েছেন, ৩৪ জন বৌদ্ধ ভিক্ষু এবং ৫ জন অনুসারীর একটি দল ওই প্রদেশের একটি মন্দির থেকে প্রতিবেশী উবোন রাতচাথানি প্রদেশের আরেকটি মন্দিরে তীর্থযাত্রায় যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেরুয়া রঙের পোশাক পরা ভিক্ষুরা সড়ক ধরে যাওয়ার সময় গাড়িটি তাদের ওপর উঠে যায়। এতে ৫ জন ভিক্ষু ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। পরে মুকদাহান প্রাদেশিক কার্যালয় থেকে নবম ভিক্ষুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এছাড়া অন্তত ৩ জন ভিক্ষু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ওই পিকআপ ভ্যানটি চালাচ্ছিল ১১ বছর বয়সী এক বালক। সে তার মা-বাবার গাড়ি অনুমতি ছাড়া নিয়ে বের হয়েছিল। প্রায় ১০ কিলোমিটার গাড়ি চালানোর পর সে নিয়ন্ত্রণ হারিয়ে ভিক্ষুদের ওপর গাড়িটি তুলে দেয়। ঘটনার পর বালকটি চরম মানসিক শকের মধ্যে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল পাইরোজ থাইফুত্রা জানিয়েছেন, তদন্তকারীরা দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করছেন এবং এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। বিশ্বের সবচেয়ে খারাপ সড়ক নিরাপত্তা রেকর্ডের দেশগুলোর মধ্যে থাইল্যান্ড অন্যতম। অতিরিক্ত গতি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং দুর্বল আইন প্রয়োগ এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিবেচিত হয়। গভর্নর বুনারাত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সড়ক নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও এই ঘটনা একটি বড় শিক্ষা। তিনি আশা প্রকাশ করেন যে, এর সাথে জড়িত ব্যক্তিরা, বিশেষ করে বাবা-মায়েরা এগিয়ে আসবেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুরা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। দেশটির মোট জনসংখ্যার ৯৩ শতাংশের বেশি মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। ভিক্ষুরা প্রায়ই জনসম্মুখে শোভাযাত্রা করে থাকেন এবং সাধারণ মানুষের কাছ থেকে দান ও শুভেচ্ছা গ্রহণ করেন। গণপরিবহনেও ভিক্ষুদের জন্য আসন ছেড়ে দেওয়ার নির্দেশনা সংবলিত সাইনবোর্ড থাকে।



