যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) অভিভাবকদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যেখানে শিশুদের ছবি অনলাইনে সবার জন্য উন্মুক্ত না রাখতে বলা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সতর্কতা উচ্চারিত হলো।

সংস্থা দুটি মা-বাবাদের উদ্দেশে কিছু সুস্পষ্ট পরামর্শ প্রদান করেছে। তাদের মতে, অভিভাবকদের উচিত তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যক্তিগত বা প্রাইভেট মোডে রাখা, যাতে শুধুমাত্র বিশ্বস্ত ও ঘনিষ্ঠ ব্যক্তিরাই শিশুদের ছবি দেখতে পারেন। প্রকাশ্যে শেয়ার না করে বরং সীমিত পরিসরে বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে এসব ছবি ভাগাভাগি করতে উৎসাহিত করা হয়েছে।

এছাড়া, নির্দেশনায় আরও বলা হয়েছে, অভিভাবকদের উচিত ইতিমধ্যে অনলাইনে আপলোড করা পুরোনো ছবিগুলো পুনরায় পর্যালোচনা করা। সেই সঙ্গে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব বা অন্যান্য সংগঠনকে তাদের ছবি তোলা ও ব্যবহারের জন্য পূর্বে যে সম্মতি দেওয়া হয়েছিল, তা পুনর্বিবেচনা করার কথাও বলা হয়েছে। প্রযুক্তির এই নেতিবাচক ব্যবহারের ফলে যে কোনো সাধারণ ও নির্দোষ ছবিও বিকৃত করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাগুলো।

এনসিএ ও আইডব্লিউএফ মনে করছে, অভিভাবকরা প্রায়ই না বুঝে তাদের সন্তানদের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে পোস্ট করেন, যা পরবর্তীতে এআই টুলস ব্যবহার করে বিকৃতকারীরা সংগ্রহ করে যৌন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।