বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে ওই এলাকার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় পড়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় অবস্থিত গ্রিড সাবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয় জানায়, খাজুরতলা গ্রিড সাবস্টেশন থেকে বরগুনা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। রাতের ওই সময় হঠাৎ উপকেন্দ্রের ভেতরে বিকট শব্দ শোনা যায়। এরপরই ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। আগুন প্রায় এক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে এলেও স্টেশনের অন্যান্য ফিডার, বিদ্যুতের তার ও বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের অধিবাসীরা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন। আবাসিক ও বাণিজ্যিক খাতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হাসান বলেন, 'রাতে আমরা অফিসেই ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখি, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে। অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে।'
মেরামতের কাজ শুরু হয়েছে জানিয়ে মোহাম্মদ নাজমুল হাসান আরও বলেন, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ পরীক্ষা করে সেগুলো পটুয়াখালী থেকে এনে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু হওয়ার আশা করছেন তিনি।
ঘটনার কারণ সম্পর্কে নাজমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।




