যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ২৫০তম বার্ষিকী উদযাপনের রাতেই নিউইয়র্ক নগরীর ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত করে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা চার শিশুসহ মোট আটজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন দুই পুরুষ, দুই নারী এবং চার শিশু। শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার (৪ জুলাই) ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ঐতিহাসিক এ দিনটিতে সারা দেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু স্বাধীনতা দিবসের রাতেই নিউইয়র্কের এই বন্দুক হামলার ঘটনা দেশটিতে বন্দুক সহিংসতার ক্রমবর্ধমান ঝুঁকি আবারও সামনে এনে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার পর আতঙ্ক ও শোক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ করছে।




