বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণ প্রজন্মের হাত ধরেই একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিজয় দিবস উপলক্ষে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) এই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি জুলাই-আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের উত্থান দেখতে পাচ্ছি। তরুণ প্রজন্মের হাত ধরেই এই নতুন বাংলাদেশ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রবাসী বাংলাদেশিরা এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস শেখর। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। এ ছাড়া, অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্বও ছিল।




