বিশ্বের ধনকুবের এলন মাস্ক গত কয়েকদিন ধরে সরব হয়েছেন তাঁর জন্মভূমি দক্ষিণ আফ্রিকার সরকারের বিরুদ্ধে। মাস্কের অভিযোগ, দেশটির বিদ্যমান বিধিনিষেধের কারণেই সেখানে স্টারলিংক পরিষেবা চালু করতে পারেননি তিনি। তাঁর মতে, এই বাধার পেছনে রয়েছে বর্ণবাদ। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার আইন অনুযায়ী, যোগাযোগ খাতে বিদেশি কোম্পানিগুলোকে স্থানীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু অংশীদারিত্ব দিতে হয়, যা মূলত শ্বেতাঙ্গ নয় এমন মালিকদের জন্য সংরক্ষিত। শ্বেতাঙ্গ শাসিত বর্ণবাদী শাসনব্যবস্থা (অ্যাপার্টহাইট) থেকে বঞ্চিতদের সুযোগ করে দিতেই এই বিধান। মাস্ক অবশ্য এই নীতি মেনে নিতে রাজি নন। তবে মাস্কের এই সমালোচনার মাঝেই বড় এক ঘোষণা দিল অ্যামাজন। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকায় তাদের নতুন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা 'অ্যামাজন লিও' চালু হবে, যা স্টারলিংকের সরাসরি প্রতিদ্বন্দ্বী। এর মাধ্যমে আফ্রিকার সবচেয়ে উন্নত অর্থনীতির দেশটিতে ব্যবসার প্রসার ঘটাতে চায় জেফ বেজোস প্রতিষ্ঠিত এই প্রযুক্তি জায়ান্ট। অ্যামাজন স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হেরোটেলের সঙ্গে জোট বেঁধেছে। সংস্থাটি জানায়, এটি মহাদেশটিতে তাদের প্রথম স্যাটেলাইট ইন্টারনেট চুক্তি। চুক্তির আর্থিক বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। দক্ষিণ আফ্রিকার সরকার অ্যামাজনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী সলি মালাতসি অ্যামাজন ও হেরোটেলের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে এই চুক্তি ঘোষণা করেন। অ্যামাজন লিও (পূর্বে প্রকল্প কুইপার নামে পরিচিত) এরই মধ্যে থাইল্যান্ড, কাজাখস্তান, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও উরুগুয়েতে চুক্তি সই করেছে। প্রতিযোগিতার দিক থেকে বিশাল এগিয়ে স্টারলিংক। স্টারলিংকের প্রথম কার্যকরী স্যাটেলাইট উৎক্ষেপণ হয় ২০১৯ সালে এবং বর্তমানে তাদের ১০ হাজারের বেশি স্যাটেলাইট কক্ষপথে কাজ করছে। অন্যদিকে, অ্যামাজন লিওর বর্তমানে প্রায় ৩৯০টি স্যাটেলাইট চালু রয়েছে। স্টারলিংক ইতোমধ্যে আফ্রিকার প্রায় দুই ডজন দেশে পরিষেবা দিচ্ছে। অ্যামাজন জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা চুক্তি তাদের আফ্রিকা জুড়ে সম্প্রসারণের সূচনা মাত্র। এ লক্ষ্যে তারা ভ্যানু ইনকর্পোরেটেডের সঙ্গেও অংশীদারিত্ব করবে, যা উন্নয়নশীল দেশে মোবাইল ইন্টারনেটে বিশেষায়িত প্রতিষ্ঠান। আফ্রিকা, যার জনসংখ্যা ১৫০ কোটির বেশি, সেখানে স্যাটেলাইট ইন্টারনেটের বিপুল সম্ভাবনা রয়েছে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ফিক্সড ইন্টারনেট সংযোগ না থাকায় স্যাটেলাইট ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাস্কের বক্তব্য ও অ্যামাজনের এই নতুন পদক্ষেপ দক্ষিণ আফ্রিকার বাজার ও বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট শিল্পে নতুন প্রতিযোগিতার সূচনা করল।
দক্ষিণ আফ্রিকায় সাদা বলে বাধা দেওয়ার অভিযোগ মাস্কের, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে এগিয়ে এল অ্যামাজন
এলন মাস্কের বর্ণবাদ অভিযোগের মধ্যে দক্ষিণ আফ্রিকায় ২০২৭ সালে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করবে অ্যামাজন। স্থানীয় প্রতিষ্ঠান হেরোটেলের সঙ্গে অংশীদারিত্বে আসছে অ্যামাজন লিও। অন্যদিকে, দেশটির স্বত্বাধিকার নীতির কারণে স্টারলিংক চালু করতে পারছেন না মাস্ক।




