ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) অবশেষে তাদের দীর্ঘদিনের পরিকল্পিত আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করল। নতুন এই সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অর্থের বিনিময়ে (পেইড) ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ লেনদেন করতে পারবেন। পাশাপাশি ক্যাশব্যাক ও বার্ষিক মুনাফাসহ নানা আর্থিক সুবিধাও পাওয়া যাবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড সরবরাহ করা হবে। এই কার্ড তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করা যাবে। পরবর্তী সময়ে একটি বাস্তব (ফিজিক্যাল) ভিসা ডেবিট কার্ডও দেওয়া হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, কার্ডটির মাধ্যমে বিদেশে লেনদেন করলে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনা খরচে নগদ অর্থ তোলার সুবিধাও থাকবে।

এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন করে জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে।

ইলন মাস্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি বলে আসছিলেন, এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ প্ল্যাটফর্মে পরিণত করতে চান—যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা ও অন্যান্য ডিজিটাল সেবা পাওয়া যাবে। এক্স মানি চালুর মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। টেকক্রাঞ্চের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।