দেশের তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি বিশেষ প্রকল্পের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রকল্পটির নাম ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’।

এই প্রশিক্ষণে অংশ নিতে মোট ৮৩ হাজার আবেদন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর ৫০ হাজার আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান ও ঢাকা জেলার উপপরিচালক এ কে এম শাহরিয়ার। তারা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, আসনবিন্যাস, নিরাপত্তা, প্রশ্নপত্র ব্যবস্থাপনা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরীক্ষা পরিচালনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে জানান প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের ৬৪ জেলায় একই সময়ে সুষ্ঠুভাবে লিখিত পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিটি ধাপ আমরা পর্যবেক্ষণ করছি।’ লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার আলোকে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এই দুই বছর মেয়াদি প্রকল্পে মোট ১১ হাজার ২০০ জন যুবক ও যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। প্রতিটি ব্যাচে ২৫ জন করে মোট ৪৪৮টি ব্যাচে প্রশিক্ষণ চলবে। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। এই সময়ে ৫০টি ক্লাসের মাধ্যমে ৩০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

বেসিক এআই প্রশিক্ষণে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনাই, গ্রামারলি, কুইলবট, জ্যাসপার, ক্যানভা, পিক্সলার, ইনভিডিও এবং ইলেভেনল্যাবস ব্যবহার শেখানো হবে। অন্যদিকে অ্যাডভান্সড প্রশিক্ষণে রানওয়ে, সিন্থেশিয়া, মিডজার্নি, ট্যাবলো, জ্যাপিয়ার, ডিসক্রিপ্ট, ক্লিকআপ, নোশন এআই, ডরিক এআই, আহরেফস, সেলসফোর্স, হাবস্পট, কপি ডট এআই, অ্যাডোবি সেনসেই, ড্যাল-ই এবং ভিও প্ল্যাটফর্মের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ২ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।