একযোগে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য নিরাপত্তা হালনাগাদ এনেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশনওএস—এই ছয়টি প্ল্যাটফর্মের জন্যই সম্প্রতি হালনাগাদ প্রকাশ করা হয়েছে। এই হালনাগাদে মোট ২২৫টিরও বেশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব ত্রুটির মধ্যে কিছু এমন ছিল যেগুলো ব্যবহার করে সাইবার অপরাধীরা গোপনে অ্যাপল পণ্যের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারত এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার পেতে পারত।

আইওএস ও আইপ্যাডওএসের ক্ষেত্রে ৭৫টির বেশি নিরাপত্তা ত্রুটি দূর করা হয়েছে, অন্যদিকে ম্যাকওএস টাহোতে ১৫০টির বেশি ত্রুটি সংশোধন করা হয়েছে। এই ত্রুটিগুলো অপারেটিং সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ছিল। বিশেষ করে কয়েকটি ত্রুটির মাধ্যমে যন্ত্রের রুট বা কার্নেল স্তরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল, পাশাপাশি ইচ্ছামতো কোড চালানো বা অ্যাপলের স্যান্ডবক্স নামক নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করার সুযোগও ছিল।

একইসঙ্গে সাফারি ব্রাউজারের ওয়েবকিট ইঞ্জিনেও একাধিক নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এর ফলে ক্ষতিকর ওয়েবসাইট ব্যবহার করে ব্রাউজিং–সংক্রান্ত তথ্য ফাঁস, ভুয়া ইন্টারফেস দেখানো, নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ বা অননুমোদিত ফাইলে প্রবেশের ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

অপারেটিং সিস্টেমের মূল অংশ বা কার্নেলের একাধিক ত্রুটিও নতুন হালনাগাদে ঠিক করা হয়েছে। এসব ত্রুটির কারণে কার্নেলের মেমোরি ক্ষতিগ্রস্ত হওয়া, নেটওয়ার্ক সুরক্ষা এড়িয়ে যাওয়া, সংবেদনশীল তথ্য ফাঁস বা যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো ঝুঁকি ছিল।

এখন পর্যন্ত বাস্তবে কোনো সাইবার হামলায় এই ত্রুটিগুলো ব্যবহার করা হয়েছে—এমন কোনো তথ্য নেই বলে দাবি অ্যাপলের। তবে প্রতিষ্ঠানটির ভাষ্য, পুরোনো সংস্করণগুলোতে নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পর সেগুলো কাজে লাগিয়ে হামলার চেষ্টা হতে পারে। তাই সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব নিজেদের যন্ত্রের নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে।